প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমার নাম হাবিব। বয়স ৩৫। তিতাস-কুমিল্লা। আমি ৩বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছি। আমি সামান্য শব্দে চমকে উঠি। সারাক্ষণ ভয় পাই। ভয়ে বুক ধড়পড় করে। ভয়ে রাতে ঘুমাতে পারিনা। ভয়ংকর স্বপ্ন দেখি। সবসময় মনে হয় কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি এই ঔষধ ব্যবহার করছি- (Rivotril 0.5mg clonazepam 0+0+1) Repose 100mg 0+0+1sertraline অনুগ্রহ করে জানাবেন। কী করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।
ডা. মো. মহসিন আলী শাহ: হাবিব আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি বলেছেন সবসময় আপনি ভয় পান এবং ভয়ে রাতে ঘুমাতে পারেন না। কিন্তু কেন ভয় পান, কোন কোন জিনিসে বা কোন কোন পরিস্থিতিতে ভয় পান সেটা ক্লিয়ার করে লিখেন নাই। যদি অহেতুক বা অযৌক্তিক কোনো কারণে ভয় লাগে তখন সেটাকে আমরা ফোবিয়া বলি। যেমন-কোনো বাচ্চা তেলাপোকা দেখে ভয় পেতে পারে কিন্তু সে যখন এডাল্ট হবে তখন আর তেলাপোকাকে ভয় পাওয়ার কথা না, তারপরও যদি ভয় পায় তবে সেটাকে ফোবিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ ফোবিয়াতে অহেতুক বা অযৌক্তিক কোনোকিছুতে ভয় থাকে (এক্ষেত্রে রোগী নিজেও বুঝেন যে তিনি যেটাতে ভয় পাচ্ছেন সেটা সম্পূর্ণ অহেতুক। অর্থাৎ এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তবুও তিনি নিজে থেকে তার ভয় কাটিয়ে উঠতে পারেন না) এবং যে বিষয়ে ভয় থাকে সেটাকে এড়িয়ে যাওয়ার একটা মনোভাব ব্যক্তির মধ্যে দেখা যায়। আপনি যদি নির্দিষ্ট কোনো কিছুতে ভয়ের কথা বলতেন তাহলে বুঝা যেত আপনার কোন স্পেসিফিক ফোবিয়া আছে কিনা? যেমন- কেউ তেলাপোকা বা কোনো নির্দিষ্ট পোকামাকড়কে ভয় পায়, কেউ রক্ত দেখলে ভয় পায়, কেউ হয়তো উঁচু জায়গাতে ভয় পায় (এক্রোফোবিয়া), আবার কেউ লিফটের মধ্যে অর্থাৎ বদ্ধজায়গায় ভয় পায় (ক্লাসট্রোফোবিয়া); আবার কেউ ভিড়ের মধ্যে অর্থাৎ মার্কেট প্লেসে থাকতে ভয় পায় (এগোরাফোবিয়া)। এরকম বিভিন্নরকম ফোবিয়া আছে কিন্তু আপনার প্রশ্ন পড়ে কোনো স্পেসিফিক ফোবিয়া স্পষ্ট বুঝা যাচ্ছে না। যদি আপনার ফোবিয়ার কারণ জানা যেত তবে সেভাবেই সিদ্ধান্ত নেয়া যেত।
যাই হোক আপনি যে নন স্পেসিফিক ফোবিয়াতে ভয় পাচ্ছেন এবং যে ঔষধ খাচ্ছেন তাতে যদি কাজ না হয় তবে আপনি এই ঔষধগুলো বাদ দিয়ে শুধু প্রামিন (pramin 25 mg) ট্যাবলেট রাতে ১টা করে তিনদিন খাবেন। এরপর রাতে দুইটা করে খাবেন। এভাবে ৩/৪ সপ্তাহ বা মাসখানেকের মধ্যে যদি উন্নতি হয় তবে ৬ মাস খাবেন। আশা করি এতে আপনার ফোবিয়া কমে যাবে। আর যদি এতে কাজ না হয় তবে আপনি নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করেন।
পরামর্শ দিয়েছেন
- ডা. মো. মহসিন আলী শাহ
- সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

