প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
চিঠি:
আসসালামু আলাইকুম। আমার জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। আমি এই মুহূর্তে নিচের সমস্যাগুলো ফেস করছি:
শারীরিক অবস্থা: প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে এবং শরীরে জড়তা কাজ করছে। মানসিক অবস্থা: আমি চরম অস্থিরতা এবং একাকীত্ব বোধ করছি। বিগত পরিস্থিতি: আমি আগে ইয়াবা নিতাম, কিন্তু এখন এটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার উইথড্রয়াল সিম্পটম বা পার্শ্বপ্রতিক্রিয়া খুব তীব্র হয়েছে। আর্থিক অবস্থা: আমার কাছে এই মুহূর্তে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা নেই এবং পাশে থাকার মতো কেউ নেই। দয়া করে আমাকে দ্রুত পরামর্শ দিন আমি এখন কী করতে পারি বা কোথায় গেলে দ্রুত সরকারি চিকিৎসা পাব।”
উত্তর:
যেকোনো মাদক সেবন শুরু করার পরেই এই ধরনের সমস্যা হতে পারে। কখনো কখনো এই সমস্যা খুবই বিপজ্জনক এবং খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। আপনি বাসায় বসে এটি (চিকিৎসা) করতে চাচ্ছেন, যা আসলে ভালো কিছু নয়। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পেছনে এই নেশা করাটাই অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। তবে আপনি যে নিজেকে এই আসক্তি থেকে বের করে আনার চেষ্টা করছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। এখন আপনার জন্য সবচেয়ে জরুরি হলো সঠিক চিকিৎসা নেওয়া। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার ধারেকাছে কোনো সরকারি হাসপাতালে অন্তত একবার যোগাযোগ করুন। সরকারি হাসপাতালে চিকিৎসার খরচ খুবই কম। আমি বড় ডাক্তার বলে দূর থেকে আপনাকে কিছু লিখে দিলাম আর আপনি তা খেয়ে ঠিক হয়ে যাবেন—এমনটি ভাবা ভুল হবে। আপনার অবস্থা সরাসরি না দেখে বা সামনাসামনি পরীক্ষা না করে কোনো ওষুধ দিলে আপনার বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে পারে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব আপনি আপনার কাছাকাছি কোনো সরকারি হাসপাতাল অথবা যদি সম্ভব হয় কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া আমি আপনাকে আরও একটি জায়গার কথা বলতে পারি— ‘কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’, যা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত। এখানে সরকারিভাবে চিকিৎসা হয় এবং আপনার তেমন কোনো খরচ লাগবে না। এছাড়া আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি হাসপাতাল)-এর আউটডোরেও দেখাতে পারেন, সেখানেও খুব কম খরচে আপনি চিকিৎসা পাবেন। তবে দূর থেকে কেউ যেভাবে ওষুধের কথা বলছে, সেটি গ্রহণ করা আপনার জন্য খুবই ভয়াবহ হতে পারে। তাই আমি আপনাকে পুনরায় অনুরোধ করছি সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিতে।
পরামর্শ দিয়েছেন–
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

