প্রতিদিন আমরা অসংখ্য সিদ্ধান্ত নিয়ে থাকি-কখনও তা তুচ্ছ, কখনও তা জীবনের গতিপথ পরিবর্তনকারী। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া যেমন সফলতার চাবিকাঠি, তেমনি ভুল সিদ্ধান্তে জীবন জটিলতায় পূর্ণ হতে পারে। একটি ভালো সিদ্ধান্ত ব্যক্তির আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা ও সফলতার পথ সুগম করে; আবার ভুল সিদ্ধান্ত ব্যর্থতা ও মানসিক অশান্তির কারণ হতে পারে।

আধুনিক সমাজে তরুণদের উপর দায়িত্বের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চাকরি, শিক্ষা, ব্যক্তিগত জীবনসহ নানা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বাড়লেও সিদ্ধান্তহীনতা (Indecisiveness) তাদের মানসিক সুস্থতা (Psychological Well-Being) ব্যাহত করতে পারে। সিদ্ধান্তহীনতা মানসিক সুস্থতার উপর কীভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করতে ভারতের কেরালায় ২০২২ সালে একটি গবেষণা পরিচালনা করা হয়।
গবেষণায় ১৮-২৪ বছর বয়সি ৭৪ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের থেকে তথ্য সংগ্রহের জন্য “Indecisiveness Scale” (Frost & Shows, 1993) এবং “Psychological Well-Being Scale” (Ryff & Keyes, 1995) ব্যবহার করা হয়। নমুনা সংগ্রহের পদ্ধতি ছিল-“Convenience Sampling” এবং পরিসংখ্যান বিশ্লেষণের জন্য IBM SPSS 25 সফটওয়্যার ব্যবহার করা হয়।
পরিসংখ্যানগত বিশ্লেষণে Spearman’s Rank Correlation পদ্ধতি ব্যবহার করে দেখা যায়-সিদ্ধান্তহীনতা ও মানসিক সুস্থতার মধ্যে নেতিবাচক সম্পর্ক রয়েছে (p < 0.05)। গবেষণায় আরও দেখা যায়-আত্মনির্ভরশীলতা (Autonomy) এবং ব্যক্তিগত বিকাশ (Personal Growth) বিষয় দুটি সিদ্ধান্তহীনতার সাথে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত (p < 0.05)। অর্থাৎ, যারা অধিকতর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তারা তুলনামূলকভাবে কম সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং তাঁদের ব্যক্তিগত উন্নয়ন বেশি হয়।
অপরদিকে দেখা যায়-পরিবেশগত দক্ষতা (Environmental Mastery), সামাজিক সম্পর্ক (Positive Relations), জীবনের উদ্দেশ্য (Purpose in Life), এবং আত্মগ্রহণযোগ্যতা (Self-Acceptance) এসব উপাদানগুলোর ক্ষেত্রে p-value 0.05-এর বেশি, অর্থাৎ সিদ্ধান্তহীনতার সাথে এদের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।
গবেষণায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিদ্ধান্তহীনতা তরুণদের মানসিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। বিশেষত, এটি আত্মনির্ভরশীলতা এবং ব্যক্তিগত বিকাশের সাথে জড়িত। যুবকদের মানসিক প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং, এবং সচেতনতা বৃদ্ধি করে এই সমস্যা মোকাবেলা করা যেতে পারে।
ডা. ফয়সাল রাহাত
মনোরোগ বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
রেফারেন্স-
https://scholar.google.com/scholar?as_ylo=2021&q=in-decisiveness+of+ students&hl=en&as_sdt=0,5#d= gs_qabs&t=1741424517352&u=%23p%3D9bwFn-Dio-eYJ


