শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সংকটকালীন পরিস্থিতিতে কার্যকর হস্তক্ষেপের কৌশল নিয়ে আগামী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে Bangladesh Association for Child and Adolescent Mental Health (BACAMH)–এর ১৭তম বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য— “Building Resilient Futures for Children and Adolescents: Mental Health Intervention in Crisis Situation”।
সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যে বর্তমান চ্যালেঞ্জ, সংকটকালীন হস্তক্ষেপ, ট্রমা ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবেন।
রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম–এর সেমিনার হল ও মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে পাঁচজন বিদেশি ডেলিগেট বৈজ্ঞানিক পেপার প্রেজেন্ট করবেন, যারা নিজ নিজ দেশের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান তুলে ধরবেন।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে একাধিক বৈজ্ঞানিক (Scientific) প্রেজেন্টেশন, যেখানে শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, মনোসামাজিক হস্তক্ষেপ, সংকট মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবার ভূমিকা এবং গবেষণাভিত্তিক ফলাফল উপস্থাপন করা হবে। এসব প্রেজেন্টেশন অংশগ্রহণকারীদের জন্য জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে।
উল্লেখ্য, সম্মেলনের রেজিস্ট্রেশন ও অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫। শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগ চিকিৎসক, মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট পেশাজীবী এবং শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
BACAMH এর একাডেমিক সচিব ডা. নুসরাত জাহান তানজিলা বলেন, দেশের সকল স্তরে শিশু কিশোর দের মানসিক স্বাস্থ্য নিয়ে নিরলস কাজ করছেন যারা, তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণার তথ্য গুলি তুলে ধরা ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ দের উপস্থিতিতে একটি সময়োপযোগী ও প্রাণবন্ত কনফারেন্স হতে চলেছে বলে আশা করছি।
আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা আরও সুসংহত হবে এবং সংকটকালীন পরিস্থিতিতে কার্যকর মানসিক স্বাস্থ্য হস্তক্ষেপ নিয়ে একটি শক্তিশালী নীতিগত ও পেশাগত দিকনির্দেশনা তৈরি হবে।
আরও পড়ুন-

