আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সেমিনার উপকমিটি।
সেমিনারের প্রতিপাদ্য— ‘Changing the Narrative on Suicide: Start the Conversation’। সকাল ১১টায় শুরু হওয়া এই বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
সেমিনারে আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক ডা. মো. মোহসিন আলী শাহ এবং অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে আত্মহত্যা নিয়ে নীরবতা ও ভুল ধারণা দূর করে সহমর্মিতাপূর্ণ কথোপকথনের পরিবেশ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএমইউর সাইকিয়াট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম.এম.এ. সালাহউদ্দিন কাউসার।



