আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা। প্রাথমিকভাবে পুরুষ রোগীদের জন্য পাঁচটি ও নারী রোগীদের জন্য পাঁচটি—মোট ১০টি শয্যা নিয়ে এ সেবা চালু করা হয়েছে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ আনুষ্ঠানিকভাবে মানসিক রোগ বিভাগের ইনডোর সেবার উদ্বোধন করেন।
আরও পড়ুন…
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, দিনাজপুর মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জলধি নাথ রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সেবার মাধ্যমে এখন থেকে মানসিক রোগীদের ২৪ ঘণ্টা জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা যাবে। এর ফলে গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় আনার সুযোগ আরও বাড়ল।
বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের ইনডোর সেবায় পাঁচজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করছেন।

এদিকে মানসিক রোগ বিভাগের শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়ে বিভাগের আইএমও ডা. মো. আল ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসক ও স্টাফের স্বল্পতার কারণে বর্তমানে আপাতত শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই। তবে পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মানসিক রোগীদের জন্য ইনডোর সেবা চালু হওয়ায় উত্তরাঞ্চলের এই জেলার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি কমবে। একই সঙ্গে মানসিক রোগের চিকিৎসা সহজলভ্য হওয়ায় দিনাজপুরবাসীর জন্য এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ কল্যাণ বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও দেখুন…

