ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর তার পাসের ছোঁয়ায় একটা জাদু আছে, একটা স্বপ্ন আছে। তিনি পাগলাটে, কিছুটা খ্যাপাটে, তিনি একগুঁয়ে। তেজোদীপ্ত শক্তির উদ্দাম স্রোতধারা তাঁর ভিতরে বহমান। তাঁর গতিকে প্রতিরোধ করা দুঃসাধ্য, প্রায় অসম্ভব। অলিগলিতে বিচরণ করেন সাড়ম্বরে। তিনি আবেগের মানুষ। তাঁকে ভালোবেসে ফুটবলের ঈশ্বর বলা হয়। অনেকেই তাঁকে অমরত্বের বরপুত্র মনে করেন। তাঁকে নিয়ে লেখা যায় না, বর্ণনা করার চেষ্টা করতে গেলেই হার মানতে হয়। তিনি একটি প্রতিভা, একটি শতাব্দী। তিনিই কোটি ভক্তের ম্যারাডোনা।
তাঁর হৃদয়ের আবেগ, তিনিই ডিয়েগো-পুরো নাম ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তিনি এক কিংবদন্তি, যিনি শুধু ফুটবল খেলেননি, ফুটবলকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। মাঠে তাঁর প্রতিভা যেমন অনন্য, মাঠের বাইরে তাঁর জীবন ছিল তেমনি জটিল ও বিতর্কিত।
তার সাফল্য, ব্যর্থতা, লড়াই ও আত্মবিরোধী আচরণের পেছনে গভীর মনস্তাত্ত্বিক উপাদান কাজ করেছে। যা তাঁকে ফুটবলের একজন অতুলনীয় প্রতিভা এবং এক মানবিক ট্র্যাজেডির প্রতিচ্ছবি হিসেবে একসাথে তুলে ধরেছে।
ম্যারাডোনার শৈশব ও মানসিক গঠন
ম্যারাডোনার মনস্তত্ত্ব বুঝতে হলে ফিরে যেতে হয় তাঁর শৈশবে। বুয়েনোস আইরেসের দরিদ্র উপশহর ভিয়েজোতে জন্ম নেওয়া এই কিশোর দারিদ্র্য,অনিশ্চয়তা ও সামাজিক বঞ্চনার মধ্যে বড়ো হন। তাঁর জীবন ছিল সংগ্রামময়।মনস্তত্ববিদ এরিক এরিকসনের মতে, মানুষের গঠনের সময় শৈশবের অভিজ্ঞতা বড়ো ভমিকা রাখে ম্যারাডোনার ক্ষেত্রে জীবনের এই সংগ্রাম ও বঞ্চনার অভিজ্ঞতা একদিকে যেমন তাঁকে নিজেকে প্রমাণ করার প্রেরণা দিয়েছিল, তেমনি অন্যদিকে জন্ম দিয়েছিল আত্মত্মবিশ্বাসহীনতা ও নিরাপত্তাহীনতার গভীর ছায়া।
এই সবকিছু ছাপিয়ে ম্যারাডোনা হয়ে উঠেছিলেন বিশ্বমানবতার এক মহানায়ক। ছোটোবেলা থেকেই তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। ফ্রান্সিসা কর্নেজো যিনি ম্যারাডোনাকে আবিষ্কার করেছিলেন, বলেছিলেন-লেছিলেন “যখন ডিয়েগো আজেন্টিনোস জনিয়র্সে ট্রায়ালের জন্য এসেছিল, আমি তার প্রতিভা দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারিনি যে তার বয়স মাত্র আট বছর। আমরা তার পরিচয়পত্র চেয়েছিলাম যাতে নিশ্চিত হতে পারি। যখন জানলাম সে সত্য বলছে, তখন আমরা কেবল তার জন্যই নিজেদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিলাম।”
জাতির আশা থেকে ‘Messiah Complex’
ম্যারাডোনা শুধু একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন জাতির আশা, রাজনৈতিক প্রতীক এবং সামাজিক প্রতিরোধের মুখ। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ‘Hand of God’ গোল এবং পরবর্তী ‘Goal of the Century’ তাঁকে জাতীয় বীরের আসনে আসীন করে। এই নায়কসুলভ ভূমিকা তাঁর মধ্যে একটি ‘Messiah Complex’ বা ‘উদ্ধারকর্তা জটিলতা’-র জন্ম দেয়। নিজেকে জাতির রক্ষাকর্তা বা ত্রাণকর্তা ভাবা এবং সেই অনুযায়ী আচরণ করার প্রবণতা তাঁর মধ্যে গড়ে ওঠে মনোবিজ্ঞানের ভাষায় এটি একধরনের narcissistic trait, যেখানে ব্যক্তি মনে করেন তিনি সাধারণের চেয়ে আলাদা এবং তাঁর নিয়ম বা সীমা ভিন্ন। ফলে মাদকাসক্তি, বেপরোয়া জীবনযাপন, কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ-সবই এই জটিলতার বহিঃপ্রকাশ।
আত্মধ্বংসের পথে এক প্রতিভা
সিগমুন্ড ফ্রয়েডের ‘Death Drive’ তত্ত্ব অনুযায়ী, মানুষের মধ্যে এক ধরনের অন্তর্নিহিত আত্মধ্বংসাত্মক প্রবণতা কাজ করে।ম্যারাডোনার জীবনেও এই প্রবণতা স্পষ্ট ছিল। আন্তর্জাতিক খ্যাতি, অর্থ ও ভালোবাসা পেয়েও তিনি মাদকাসক্তির মতো আত্মবিনাশী পথে হাঁটেন। প্রায়শই নিজের সাফল্য নিজেই নষ্ট করেছেন।
এই আত্মধ্বংসী প্রবণতা ছিল এক ধরনের মানসিক দ্বন্দ্বের ফল-একদিকে অসাধারণ প্রতিভা, অন্যদিকে নিজেকে অপর্যাপ্ত মনে করার বেদনা। কার্ল ইয়ংয়ের ‘Shadow and Self’ তত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের ভেতরে একটি অচেতন ছায়ামন থাকে, যেখানে আমাদের অবদমিত ইচ্ছা, ভয় এবং দুর্বলতা জমা থাকে। ম্যারাডোনার ছায়ামন ছিল অপ্রতিরোধ্য-যা তাঁকে একদিকে ঈশ্বরসম প্রতিভা দিয়েছিল, অন্যদিকে ধ্বংসের মুখেও ঠেলে দিয়েছিল।
সম্পর্ক ও মানসিক অস্থিরতা
ম্যারাডোনার জীবনে সম্পর্ক ছিল জটিল ও অস্থির। পরিবার, বন্ধু, প্রেমিকা-সব সম্পর্কই ছিল আবেগে পরিপূর্ণ, কিন্তু প্রায়শই জটিল সমীকরণে জড়ানো এক ধরনের আবেগনির্ভরতা বা ’emotional impulsivity’ ছিল তাঁর স্বভাবজাত, যা তাঁকে অনেক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।
খ্যাতি ও সাফল্যের শীর্ষে থেকেও তাঁর মধ্যে ছিল এক অদ্ভুত শূন্যতা, যা তাঁকে কখনও কখনও নিজেকে ভাঙার দিকে নিয়ে গেছে।এই শূন্যতা এক ধরনের অস্তিত্ববাদী সংকটের ইঙ্গিত দেয়” আমি কে?” “আমি কেন?” এই প্রশ্নগুলোর উত্তর হয়ত তিনিও খুঁজে পাননি।
ঈশ্বরের মাঠে মানুষ
তিনি শুধুমাত্র একজন ফুটবল প্রতিভা ছিলেন না; তিনি ছিলেন এক জটিল মনস্তাত্ত্বিক চরিত্রের প্রতিফলন। তাঁর সাফল্য ছিল বিশ্বজোড়া, কিন্তু তাঁর জীবন ছিল এক মানবিক ও বেদনাদায়ক কাহিনি। মাঠে তিনি ফুটবলের ঈশ্বর হয়ে উঠেছিলেন, কিন্তু মাঠের বাইরে ছিলেন এক দুর্বল ও বিভ্রান্ত মানুষ-যিনি নিজের ছায়ার সঙ্গে আজীবন যুদ্ধ করে গেছেন।
ম্যারাডোনার জীবন আমাদের মনে করিয়ে দেয়-প্রতিভা মানুষকে আকাশে তোলে, কিন্তু তাকে আবার মাটিতে নামিয়েও আনে। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ফুটবলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন-
“যদি মরে যাই, আমি আবারও জন্ম নিতে চাই। আবারও একজন ফুটবলার হতে চাই। আবারও ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা হতে চাই।”ফুটবল দিয়ে তিনি মানুষের মনের জগতে জায়গা নিতে পেরেছিলেন। তিনি বলেছিলেন-“আমি এমন একজন খেলোয়াড়, যে মানুষকে আনন্দ দিয়েছে। আর এটি আমার জন্য সাফল্যের চেয়েও বেশি।”
এই মহান মানুষটির মৃত্যুর পর পেলে বলেছিলেন” আমি একজন মহান বন্ধুকে হারিয়েছি, আর বিশ্ব একজন কিংবদন্তিকে হারিয়েছে।”
ডা. মনিশংকর বালা
ফেইজ বি রেসিডেন্ট মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

