এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’২৬ এর থিম ছিলো – Lived Experience Heard : Real Voices Real Changes. ইংরেজি যাই হোক। বাংলায় অনেকটা এমন, অভিজ্ঞতার গল্প শুনে শুনে শুনে সত্যিকারের পরিবর্তন আনি বা আনা হোক।
সবাই তার অভিজ্ঞতার গল্প বলে বলে বা বলার সুযোগ নিয়ে, অন্যদের মনে ছাপ ফেলতে পারলেই তবে এ প্রতিপাদ্যের সার্থকতা মিলবে। ধনী-গরিব, ছোট-বড়, শহর-গ্রাম সবারই গল্প আছে। সবগল্পগুলোই সামনে আসতে হবে।
আজ, আমি আমার একটা অভিজ্ঞতা তুলে ধরি- কয়েকদিন আগে, আমার চেম্বারে একজন রোগী আসেন, সাথে আরো দুইজন অভিভাবক। উনারা আমার চেম্বারে ঢুকতেই খেয়াল করলাম সাথে একটা বড় ফাইল। সাধারণত রোগীর নিজস্ব ফাইল এমন হয় না। দুজন অভিভাবকের ভিতর একজন আমার চেম্বারের বাইরে গেলেন, একজন ভিতরে থাকলেন। প্রথমে বসতে বললাম এবং ফাইলটা চেয়ে নিলাম, বুঝতে পারলাম একটা হাসপাতালের ফাইল। রোগী একটি হাসপাতালে ভর্তি আছে, একটি মানসিক ও মাদকাসক্তি হাসপাতাল (রিহ্যব নামেই বেশী পরিচিত)। একজন মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে। এই ফাইলটি সেই হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত ফাইল।

আমি রোগীর প্রাথমিক পরিচয় এবং সমস্যা জানার পর রোগী অভিভাবকের কাছে জানতে চাইলাম, উনি একজন মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে হাসপাতালে ভর্তি আছেন, তো আমার কাছে আমার চেম্বারে আসলেন কেনো? সাথে থাকা ভদ্রলোক- অভিভাবক বললেন, আপনাকে দেখানোর জন্য। আমি বল্লাম- যার আন্ডারে ভর্তি, উনি কি জানেন? অভিভাবক জানালেন- না, জানেন না। আমি বললাম এটা কেমন কথা? একজনের আন্ডারে ভর্তি আছেন, আবার আমার চিকিৎসা নিতে আসলেন- এই চিকিৎসা আপনারা কিভাবে দিবেন? বললেন, আপনি যা দিবেন, তাই দিবো। আমি বললাম, ভর্তি থাকবে একজনের আন্ডারে চিকিৎসা চলবে আমার? তাছাড়া, একটা চিকিৎসাতো এক সিটিং এ নাও হতে পারে। ওষুধ বাড়ানো-কমানোর বিষয় আছে, সাইড ইফেক্ট, ওষুধের রেসপন্স করা না করা সহ অনেক বিষয় থাকে।
অভিভাবক সাহেবের কাছে উনাদের পরিচয় জানতে চাইলাম। মানে, রোগীর সাথে উনার সম্পর্ক কী? বললেন, আমরা হাসপাতালের লোক। আমি বললাম একজন রোগী হাসপাতালে ভর্তি, একজন মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে। আমার কাছে নিয়ে আসলেন, সেই কনসালটেন্টকে জানালেন না, বললেন না (!), হাসপাতাল থেকে বের করে নিয়ে আসলেন। কোথাও কি লিখে নিয়ে আসছেন যে, রোগী বাইরে নিয়ে যাচ্ছেন! তারা জানালেন, না। তেমন কিছু তারা করেনি। এমনিই নিয়ে এসেছেন। বললেন, আপনি দেখে দিবেন, আমার হাসপাতালে চলে যাবো। আমি বল্লাম, ও… আমি চিকিৎসা দিবো, তারপর আরেকজনের আন্ডারে রেখে আমার চিকিৎসা চালাবেন? সাথে সাথে ভদ্রলোক বললেন, তাহলে এখন থেকে আপনার আন্ডারেই থাকবে। আমি আরেকটু অবাক হয়ে বললাম, রোগী বা রোগীর আত্মীয়স্বজনের কিছু জানা লাগবে না! কার আন্ডারে ভর্তি আছেন? কার আন্ডারে যাচ্ছেন! কেনো কনসালটেন্ট চেন্জ করছেন? এসব তাদেরকে না জানিয়ে আপনি এখানে বসে চেন্জ করে ফেলছেন? বললেন, অসুবিধা হবেনা। আমরা ম্যানেজ করবো। এটা আমরা পারবো। আমি একটু বিরক্ত হয়েই বললাম, আর আমার আন্ডারে যে রোগী থাকবে, মানে যাকে আমি চিকিৎসা দেবো, তাকে আমি কোথায় রাখবো, বা কোন হাসপাতালে রাখবো, সেটা আমার জানা বা বোঝার দরকার নাই। বললেন, আমাদের এখানেই রাখবেন। আমি বললাম, আমিতো আপনাদের সেন্টার বা হাসপাতাল সম্বন্ধে কিছুই জানিনা।
আমার রোগী আপনাদের ওখানে কেনো রাখবো? উনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমিও একটু দম নিলাম। আসলে তারা এমন সময় এসছেন, আমার তখন রোগী দেখা শেষ। চেম্বার গুছানোর কাজ চলছিলো। আমার যেহেতু নিজের চেম্বার, নিজের মতো করে রোগী দেখা, সেইসাথে সাইকোথেরাপি বা কাউন্সিলিং সহ মানসিক রোগের প্রয়োজনীয় সব সাপোর্ট এখানেই আমারা ব্যবস্থা করি। সুতরাং নিজেদেরই গুছিয়ে শেষ করতে হয়। হাতে তখন সময় আছে। আমি রোগীর চিকিৎসা ফাইলটা পুরোটা দেখলাম। কি কি চিকিৎসা চলছে, ডায়াগনসিস কি হতে পারে। আমাদের কথার মাঝেখানে রোগী বাইরে গিয়েছিলো, উনাকে ডেকে আনলাম। কথা বললাম, ডায়াগনসিস বোঝার চেষ্টা করলাম। সবকিছু দেখে জানতে চাইলাম – বর্তমান চিকিৎসা নিয়ে কি সমস্যা? বললেন, অনেক দিন হলো খুব বেশী উন্নতি হচ্ছেনা। একেবারে সেরে যাচ্ছেনা। আমি বললাম – অনেক দিন মানে? আপনাদের হাসপাতালে উনি কতোদিন যাবত আছেন? মোটামুটি একটা বড় সময়ের কথাই আমাকে জানালেন। আমি বোঝার চেষ্টা করলাম, এতোদিন থাকার কারণ কী? কিছু বুঝলাম, কিছু বুঝতে পারলাম না। আমি আরেকটি প্রশ্ন করলাম (আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ)- আপনারা কি মাঝে মাঝেই ইচ্ছেমতো কনসালটেন্ট পরিবর্তন করেন? সরাসরি জবাব না দিয়ে তিনি জানালেন- এখন যিনি দেখছেন, তিনি দেখার আগে আরেকজন দেখতো। আমি আবার জানাতে চাইলাম- কনসালটেন্ট কি আপনারাই পরিবর্তন করেন? এবারও ঠিক সরাসরি উত্তর দেন নি। আমি বললাম- এভাবে কি কনসালটেন্ট নিজেদের মতো বদল করে চিকিৎসা দেয়া উচিত? কথা বললেন না। আমি একটু সময় নিয়ে বল্লাম, আপনারা একটা কাজ করেন, রোগী যার আন্ডারে ভর্তি আছেন উনাকে জানান, উনি দরকার মনে করলে একটা বোর্ডের মতো করতে পারেন।
আমি থাকতে পারি বা দরকারে আরও কেউ হয়েতো থাকতে পারেন। সেটা আপনাদের জন্য ভালো হবে। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে, যিনি আমার সাথে এতক্ষন আলাপ করছিলেন, তিনি বাইরে গেলেন। ফোনে কার কার সাথে দুই – এক মিনিট কথা বললেন। দ্রুতই ফিরে আসলেন। জানালেন, আমি বর্তমান কনসালটেন্টের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন, আপনার আন্ডারে দিলে উনার কোনো আপত্তি নাই। আমি বললাম এটা আবার কেমন কথা হলো? আমিতো বলি নাই, আমার আন্ডারে আনতে। আর আমি আপনাদের ওখানে আমার রোগী রাখবো কিনা সেটাওতো ঠিক করি নাই। আমিতো আপনাদের সুবিধা অসুবিধা বা কি কি আছে কিছুই জানিনা। এতোক্ষন আরেকজন যিনি বাইরে ছিলেন – তিনিও ঢুকলেন। বললেন, স্যার আপনাকে খুব বেশী ডিসটার্ব করবোনা। সপ্তাহে একদিন দেখবেন। আমি আবার জিজ্ঞেস করলাম-এটাও কি আপনারা ঠিক করে দিবেন? কয়দিন রোগী দেখতে হবে! জানালেন, আগের জনকে সপ্তাহে একদিন ডাকতেন। তিনি সেভাবে দেখতেন। আমি বললাম, আপনাদের চাহিদা মতো আমাকে রোগী দেখতে হবে? আমার যদি মনে হয়, আমার রোগী আমাকে সপ্তাহে সাতদিনই দেখতে হবে, তাহলে কি হবে? আমার যখন মনে হবে, রোগীর সাথে দেখা করা বা রোগীর বিষয়ে জানা দরকার, সেটা আমি করতে পারবো না? উনারা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। বললেন, আমরাতো এভাবেই ব্যবস্থা করি। আর টাকার বিষয়ে জানালেন, আমরা (একটা এমাউন্ট বললেন) এতো টাকা করে দেই। আমি বললাম, শোনেন, আমার আন্ডারে থাকলে আমি আমার মতো ভিজিট করবো। আমি যখন মনে করবো রোগী দেখা দরকার, চিকিৎসার রিভিউ লাগবে, তখনই দেখতে চাইবো। সেইসাথে প্রতিদিনের আপডেট জানতে চাইবো। আমার ভিজিটের এমাউন্টও জানালাম।
আরেকটি কথা, আমার আন্ডারে আনলে আমি প্রথমে আপনাদের ফেসিলিটি বিষয়েতো জানতে চাইবোই। আপনাদের কি মনে হয়, রোগীর টোটাল রিভিউ করে নিতে হবে না? পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় সবকিছু দেখে নেয়া কি উচিত হবে না? প্রয়োজনে আত্মীয় বা কাছের মানুষের কাছ থেকে ইতিহাস জেনে নিতে হবে, তাইতো নাকি? অন্যদিকে আমি ওষুধ নতুন করে এডজাস্ট করলে সেটা কতটুকু কাজ করছে, পরিবর্তন বা বাড়াতে কমাতে হবে কিনা, সেসব বুঝে নিতে হবো তো, নাকি!তারা আমাকে বললো, জ্বি অবশ্যই। বলেই উঠে দাড়ালো, আজ আমরা তাহলে চলে যাই। আমরা আপনার আন্ডারেই রাখতে চাই। সবগুলো বিষয় আলাপ করে আমরা আপনাকে দ্রুতই জানাবো। তারা রোগী সহ চলে যায়। আমি বসে থাকলাম চুপচাপ! বেশ কিছুক্ষণ। একে একে চেম্বারের ইন্টারনেট লাইন, টিভি, এসি সব বন্ধ হয়ে গেছে। লাইটও বেশ কয়েকটা অফ করে দেয়া হয়েছে। আমি বসেই আছি। আমাকে তারা জানাবে না, সেটা আমি জানি। মানে, আমি ধরে নিয়েছি! এরমধ্যে তিন চার দিন হয়ে গেছে তারা আমাকে কিছু জানায়নি।
আপনারা এখানে ভাবতে পারেন, জানাতে পারেন – কি কি বিষয় এই গল্পে গুরুত্বপূর্ণ। রোগী, রোগীর আত্মীয়স্বজন, চিকিৎসা, হাসপাতাল, কর্তৃপক্ষ, চিকিৎসক, চিকিৎসা পদ্ধতি! কর্পোরেট লাইসেন্স, বিজনেস!
উপরের গল্পটি আমি বললাম। শতভাগ সত্যি গল্প! এই গল্প আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসার বিষয়টিকি কোন দিকে ঠেলে দিচ্ছে বলে মনে হয়? রোগীর চিকিৎসা, চিকিৎসকের চিকিৎসা বিষয়ে মুক্তভাবে চিন্তার সুযোগ কতটুকু সংরক্ষিত হলো?
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কীভাবে আগাবে? কি মনে হয়?


