যুক্তরাজ্যের (UK Biobank) এর এক গবেষণায় উঠে এসেছে মস্তিষ্কের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার।
প্রতিদিনের খাদ্যাভ্যাস শুধু শারীরিক সুস্থতাই নয়, মস্তিষ্কের গঠন, স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত। ১লা এপ্রিল ২০২৪ যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন মানুষের তথ্য বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন বৈশিষ্ট্য এবং জ্ঞানীয় সক্ষমতার সম্পর্ক রয়েছে।

গবেষকেরা অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে চারটি দলে ভাগ করেন। এরপর তাঁদের মানসিক স্বাস্থ্য, স্মৃতিশক্তি, রক্তের বিভিন্ন উপাদান এবং এমআরআইয়ের মাধ্যমে মস্তিষ্কের গঠন বিশ্লেষণ করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে খাদ্যাভ্যাসের সঙ্গে মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার যোগসূত্র খুঁজে পান।
গবেষণায় পাওয়া যায় মস্তিষ্কের সুস্থতার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব। বিশেষ করে ভিটামিন, খনিজ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, পলিফেনল ও আঁশসমৃদ্ধ খাবার মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক হতে পারে।
ভিটামিন ও খনিজের গুরুত্ব
মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান প্রয়োজন। এর মধ্যে আয়োডিন ও ভিটামিন বি১২ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আয়োডিনের ঘাটতি বিশেষ করে গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, ভিটামিন বি১২-এর অভাবে স্মৃতিশক্তি হ্রাস, এবং চিন্তাভাবনায় সমস্যা দেখা দিতে পারে।
মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার ভিটামিন বি১২-এর ভালো উৎস। সামুদ্রিক মাছ, দুধ ও আয়োডিনযুক্ত লবণ থেকে আয়োডিন পাওয়া যায়। এ ছাড়া বেরি জাতীয় ফল, চা ও কফিতে থাকা পলিফেনল এবং সামুদ্রিক তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
অন্ত্রের সুস্থতার সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র
গবেষণায় মস্তিষ্কের সুস্থতার ক্ষেত্রে আঁশযুক্ত খাবারের গুরুত্বও তুলে ধরা হয়েছে। মানবদেহের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া খাদ্য থেকে পাওয়া আঁশ ব্যবহার করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডসহ বিভিন্ন উপকারী উপাদান তৈরি করে। এসব উপাদান অন্ত্রের সুস্থ্যতা বজায় রাখা এবং শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
আঁশের ঘাটতি হলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ক্ষতি হতে পারে। এর ফলে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়তে পারে, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে। বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) এবং আলঝেইমার রোগের সঙ্গে মস্তিষ্কের প্রদাহের সম্পর্ক নিয়েও গবেষণায় আলোচনা করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, কম আঁশযুক্ত খাবার গ্রহণকারীদের মস্তিষ্কের ১১টি অঞ্চলে টিস্যুর পরিমাণ তুলনামূলকভাবে কম পাওয়া গেছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশ গ্রহণ করা প্রয়োজন। ওটস, মটরশুঁটি, মসুর ডাল, ফলমূল ও শাকসবজি আঁশের ভালো উৎস।
একপেশে খাদ্যাভ্যাসে বাড়তে পারে পুষ্টির ঘাটতি
বর্তমানে ওজন কমানো কিংবা পেশি গঠনের উদ্দেশ্যে অনেকেই ইন্টারনেটে জনপ্রিয় বিভিন্ন খাদ্যাভ্যাস অনুসরণ করছেন। এর মধ্যে কার্নিভোর ডায়েট উল্লেখযোগ্য। এ ধরনের খাদ্যাভ্যাসে মাংস, ডিম ও দুগ্ধজাত খাবারকে প্রাধান্য দিলেও ফলমূল, শাকসবজি ও ডালসহ উদ্ভিজ্জ খাবার বাদ দেওয়া হয়।
এতে খাদ্যতালিকায় আঁশের ঘাটতি তৈরি হতে পারে। পাশাপাশি উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানও কমে যেতে পারে। এর ফলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুকি থাকে।
গবেষণার সামগ্রিক পর্যবেক্ষণ বলছে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে কোনো একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় ও সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, আঁশের পরিমাণ বাড়ানো এবং অপ্রয়োজনীয় খাদ্যনিয়ন্ত্রণ এড়িয়ে চলা মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
তবে গবেষণায় খাদ্যাভ্যাসের সঙ্গে মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার সম্পর্ক পাওয়া গেলেও, শুধু খাদ্যাভ্যাসই এসব পরিবর্তনের একমাত্র কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস ও ন্যাচার মেন্টাল হেলথ


