মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন না যে তিনি ধীরে ধীরে বিষন্নতা, উদ্বেগ বা অন্য কোনো মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু যদি এমন একটি প্রযুক্তি থাকে, যা মানুষের কথা, আচরণ, ঘুম, এমনকি মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করে আগেভাগেই সেই ঝুঁকির সংকেত দিতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) ঠিক সেই সম্ভাবনার দিকেই এগিয়ে যাচ্ছে।

সম্প্রতি Psychological Medicine জার্নালে প্রকাশিত একটি বিস্তৃত Systematic Review এ গবেষকরা মানসিক স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার নিয়ে প্রকাশিত ৮৫টি গবেষণা বিশ্লেষণ করেছেন। গবেষণায় এআই এর তিনটি প্রধান ক্ষেত্র- রোগ নির্ণয় (Diagnosis), রোগ পর্যবেক্ষণ (Monitoring) এবং চিকিৎসা সহায়তা (Intervention) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
গবেষণার ফলাফলে দেখা যায়, মানসিক রোগ শনাক্তকরণে এআই অত্যন্ত আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে Machine Learning, Support Vector Machine (SVM) এবং Random Forest-এর মতো প্রযুক্তি ব্যবহার করে বিষণ্ণতা (Depression), সিজোফ্রেনিয়া (Schizophrenia), আত্মহত্যার ঝুঁকি (Suicide Risk), উদ্বেগ (Anxiety) এবং অন্যান্য মানসিক সমস্যার ঝুঁকি শনাক্ত করার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া গেছে। শুধু প্রশ্নাবলীর তথ্য নয়, বরং মস্তিষ্কের MRI, EEG, হৃদস্পন্দনের পরিবর্তন (Heart Rate Variability), কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং চিকিৎসা নথির তথ্য বিশ্লেষণ করেও এআই রোগ নির্ণয়ে সহায়তা করতে সক্ষম হয়েছে। গবেষণার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক ছিল রোগ পর্যবেক্ষণ। ফলাফলে দেখা যায়, এআই রোগীর মানসিক অবস্থার পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করতে পারে এবং চিকিৎসা কতটা কার্যকর হচ্ছে, তা আগেভাগেই মূল্যায়ন করতে সাহায্য করে। বিশেষ করে বিষণ্ণতার চিকিৎসা, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT), ওষুধের কার্যকারিতা এবং আত্মহত্যার ঝুঁকি পর্যবেক্ষণে এআই ভিত্তিক মডেলগুলো আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে। এর ফলে চিকিৎসকরা রোগীর অবস্থা অনুযায়ী দ্রুত চিকিৎসা পরিকল্পনা পরিবর্তনের সুযোগ পান। চিকিৎসা সহায়তার ক্ষেত্রেও এআই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
গবেষণায় দেখা যায়, এআই ভিত্তিক চ্যাটবট এবং ডিজিটাল মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম রোগীদের প্রাথমিক মানসিক সহায়তা, মনিটরিং এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখতে কার্যকর হতে পারে। বিশেষ করে যেখানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংকট রয়েছে, সেখানে এসব প্রযুক্তি অনেক মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দিতে পারে। তবে গবেষকরা এআই এর কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। বর্তমানে অধিকাংশ এআই এআই মডেল সীমিত ও বৈচিত্র্যহীন তথ্যের ওপর প্রশিক্ষিত হওয়ায় সব জনগোষ্ঠীর ক্ষেত্রে একই রকম কার্যকর নাও হতে পারে। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা, রোগীর গোপনীয়তা, এআই এর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় তার স্বচ্ছতা (Interpretability) এবং চিকিৎসকের ক্লিনিক্যাল সিদ্ধান্তের বিকল্প হিসেবে এআই কে ব্যবহার করার ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।
পরিশেষে গবেষকরা মত দিয়েছেন, এআই ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি হয়ে উঠতে পারে। তবে এটি কখনোই মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর বিকল্প নয়। বরং উন্নত ও বৈচিত্র্যময় তথ্যভাণ্ডার, নিরাপদ তথ্যব্যবস্থা এবং স্বচ্ছ এআই প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক একটি কার্যকর মাধ্যম হিসেবে এআই কে ব্যবহার করাই হবে সবচেয়ে বাস্তবসম্মত পথ।
ডা. ফয়সাল রাহাত
মনোরোগ বিশেষজ্ঞ,
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
রেফারেন্স:
Cruz-Gonzalez P, He AWJ, Lam EP, et al. Artificial intelligence in mental health care: a systematic review of diagnosis, monitoring, and intervention applications. Psychological Medicine. 2025.


