বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা বিষয়ে প্রচলিত ধারণা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা এবং প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘Changing the Narrative on Suicide’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (IASP)-এর ২০২৪–২০২৬ মেয়াদের প্রতিপাদ্য ‘Changing the Narrative on Suicide’। এর লক্ষ্য আত্মহত্যা নিয়ে নীরবতা, ভুল ধারণা ও সামাজিক কলঙ্কের পরিবর্তে আরও উন্মুক্ত, সহানুভূতিশীল ও কার্যকর আলোচনার পরিবেশ তৈরি করা।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. কবির হাসান পারভেজ।
সেমিনারে কো-চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. দিল মো. সাজ্জাদুল কবির সবুজ এবং সহকারী অধ্যাপক ডা. সোহেল আল মুজাহিদ।
সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মো. মাহদী হাসান, এমএসডি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আলোচনায় বিশেষজ্ঞ প্যানেলে থাকবেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. আসিফ নওয়াজ, মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফয়সাল রাহাত এবং ডা. আশরাফুল আলম।
সেমিনারে আত্মহত্যার ঝুঁকি, প্রতিরোধের কার্যকর কৌশল, মানসিক স্বাস্থ্যসেবা এবং আত্মহত্যা নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচকরা আলোচনা করেন। পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।



