সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর কোনো বিকল্প নেই। আমাদের শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক সমস্যাসহ অনেক কিছুরই সমাধান দিতে পারে এই সবুজ শ্যামল প্রকৃতি। প্রযুক্তির দৌড়ে আমরা সবসময় বিভিন্ন কাজের চাপে ব্যস্ত সময় পার করি। তাছাড়া শারীরিক অসুস্থতা, বিষণ্ণতা, মানসিক চাপ ইত্যাদি বেশিরভাগ সময়েই আমাদেরকে দৈনন্দিন নানা জটিলতায় ফেলে দেয়। এই একঘেয়ে জীবন দুর্বিষহ করে তোলে আমাদের মনোজগতকে। গবেষকরা জানিয়েছেন, নিজেকে চাপমুক্ত রাখতে প্রতিদিন অন্তত কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো জরুরি। প্রকৃতির সাথে সখ্যতা বৃদ্ধি কীভাবে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে আসুন সে সম্পর্কে জেনে নেই-
মানসিক চাপ কমায়
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, মানসিক চাপ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যার ক্ষেত্রে চরম হতাশ মুহূর্তে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে, ব্যক্তির মানসিক দুরবস্থা কিছুটা সময়ের জন্যে হলেও উপশম হয়। কারণ এতে মস্তিষ্কে কিছু ভালো লাগার হরমোন তৈরি হয়; যা মানসিক চাপ উপশমে দারুণ ভূমিকা পালন করে। সবুজ প্রকৃতি স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে। প্রকৃতির সবুজ ছায়ায় ঘেরা উদ্যানে সময় কাটালে তা মানুষের স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে এবং মনোযোগ বৃদ্ধিতে অনেক সাহায্য করে থাকে।
মানসিক উন্নতি ও পুনর্গঠনে সাহায্য করে
গবেষকরা দেখেছেন, মানুষ যদি প্রকৃতির কোনো ছবির দিকেও মনোযোগ দিয়ে তাকায়, তাহলেও তার স্মৃতি বা মেমরি কিছুটা রিফ্রেশ হয়। আর যদি সত্যিকারের প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়, তাহলে তো মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবেই।
প্রকৃতি মানুষকে মিশুক করে
পর্যবেক্ষণে দেখা গেছে, শহুরে মানুষ যারা গাছগাছালি ঘেরা পরিবেশে সবুজের সান্নিধ্যে বাস করে তারা অন্যদের তুলনায় বেশি অতিথিপরায়ণ হয়। অর্থাৎ তাদের সামাজিকতা বৃদ্ধি পায়।
ঘুম ভালো হতে সাহায্য করে
সকালের সূর্যের আলো আমাদের শরীরকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে। যার ফলাফল হলো রাতে ভালো ঘুম হওয়া। আমাদের দেহের অভ্যন্তরে যে দেহঘড়ি কাজ করে যাচ্ছে তা ঠিকঠাক চলার জন্য আলোর সাহায্য দরকার। তাছাড়া আলোর সংস্পর্শে আসলে ‘মেলাটনিন’ উৎপাদন দমিয়ে রাখে। তাই ভোরের আলোতে ঘটলে ঘুম ঘুম ভাব চলে যাবে, আর সন্ধ্যার পর আলোর সংস্পর্শে যত কম আসা যাবে ততই ভালো ঘুম হবে। আর ঘুম ভালো হলে মানুষের শরীর ও মন ফ্রেশ থাকে।
নেতিবাচক চিন্তাভাবনা দমনে
আমরা যখন প্রকৃতির মাঝে হাঁটতে যাই, তখন মস্তিষ্কের যে অংশ নেতিবাচক চিন্তাভাবনার সৃষ্টি করে, সেটা নিশ্চুপ হয়ে যায়। তখন আমাদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার জন্য চিন্তাভাবনা করার সুযোগ ঘটে। তাই যতই মন খারাপ হোক বা অবসাদগ্রস্ততা ঘিরে ধরুক, প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে। সেটা হতে পারে কোনো নদী বা পুকুর পাড় কিংবা সবুজ প্রকৃতি ঘেরা শহরের কোনো পার্ক।
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে
মন ভালো করতে মাঝে মাঝে সবুজ ঘাসে হাঁটতে বেরিয়ে যান। প্রকৃতির সতেজ হাওয়ার সঙ্গে সবুজের মিশ্রণ আপনার মনকে সতেজ করে তুলবে। এক সমীক্ষায় প্রকাশিত হয়, প্রকৃতির সঙ্গে ৫ মিনিট সময় কাটালে মানুষের মেজাজের উন্নতি ঘটে। বিশেষ করে সকালে নিয়মিত হাঁটার অভ্যাস করলে মানুষের মেজাজ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য সবুজে থাকুন
গবেষণায় দেখা গেছে যে, শহরাঞ্চলে ইট-কাঠ-পাথরের মাঝে বসবাসকারী বাসিন্দাদের তুলনায় গ্রামাঞ্চলের মানুষজন অধিক দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। গ্রামাঞ্চলের মানুষেরা অধিক সবুজ আবহাওয়ায় থাকেন বলে তাদের মানসিক পীড়ন তুলনামূলক হারে কম থাকে। এটাই মূলত তাদের দীর্ঘায়ুর প্রধান কারণ।
- মাহজাবীন আরা শান্তা
- প্রতিবেদক, মনের খবর



