সজীব, ২১ বছরের তরুণ। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে পাশ করে এখন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বাবা-মা দুজনেই শিক্ষকতা পেশায় আছেন। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সে সবার ছোটো। পড়ালেখার পাশাপাশি, ভালো কবিতা লিখত এবং গান করত। অর্থাৎ মেধাবী ছাত্রের সকল গুণই সজীবের ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে শুরু করার বছর খানেক পর থেকেই সজীবের মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে। প্রথম সেমিস্টারে বেশ ভালো রেজাল্ট হলেও, পরবর্তী সেমিস্টারগুলোতে রেজাল্ট খুবই খারাপ, সঙ্গে কয়েকটা রি-টেকও আছে। আগে সজীব বন্ধুমহল এবং পরিবারে একজন বুদ্ধিদীপ্ত তরুণ হিসেবে সমাদর পেলেও, এখন চিত্র পুরো উল্টো। তার এই পরিবর্তন বুঝতে বাবা-মা কিছুটা দেরি করে ফেলেন। পরে অবস্থা বেগতিক দেখে, তারা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, ছেলে মাদকে আসক্ত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তারা একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। চিকিৎসক সজীবকে রিহ্যাবে ভর্তি করার পরামর্শ দেন। দীর্ঘ ৩ মাস রিহ্যাবে চিকিৎসা নেয়ার পর, সজীব আসক্তি থেকে মুক্তি পায়। কিন্তু তার পড়ালেখা, গান, কবিতা যেন ঠিক আগের মতো আর হচ্ছে না। কেমন যেন নিজেকে মেধাহীন, ভোতা মনে হয়। কিছু মনে রাখতে খুবই সমস্যা হয়, নতুন কিছু চিন্তা করতে, নতুন কিছু ভাবতে অনেক কষ্ট হয়। এরকম পরিস্থিতিতে নিজেকে নিজের কাছে খুব বিষণ্ণ মনে হয়। ফলো-আপে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে, তিনি তাকে কিছু ঔষধ দেন ও কিছু কাউন্সেলিং করে দেন। সজীব বুঝতে পারে, দীর্ঘমেয়াদি মাদক নেয়ার ফলে তার ব্রেইনে কিছু পরিবর্তন হয়েছে, যা তার বুদ্ধিমত্তা কমিয়ে দিয়েছে। এই বাস্তবতা মেনে নিয়ে, তাকে নতুন করে শুরু করার পরামর্শ দেয়া হয়। নিয়মিত ব্যায়াম করলে, নিজেকে সকল প্রকার মাদক থেকে দূরে রাখলে সে আবার আগের বুদ্ধিদীপ্ত সজীব হয়ে উঠতে পারে বলে চিকিৎসক তাকে অভয় দেন।
ওপরের সজীব হয়ত একটি কাল্পনিক চরিত্র। কিন্তু সত্য হচ্ছে, এরকম সজীব আমাদের সমাজের এক করুণ বাস্তবতা। শুধু তরুণরাই নয়, যুবক-মধ্যবয়স্ক-শিশু-কিশোর এমনকি নারীরাও আজকে মাদকের থাবায় আসক্ত। কেউ হয়ত পড়ালেখায় পিছিয়ে, কেউ চাকরিতে আগের মতো ভালো করতে পারছে না, কেউ ভুলে যাচ্ছে তার সৃজনশীলতা। নিয়মিত মাদক নেয়ার ফলে তাদের এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ মাদক তাদের বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে।
মাদক কীভাবে বুদ্ধিমত্তা কমায়?
মাদক কীভাবে বুদ্ধিমত্তা কমায় এটা বুঝতে হলে, প্রথমেই বুঝতে হবে বুদ্ধিমত্তা কী? সাধারণভাবে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বলতে, জ্ঞান আহরণ করা এবং তাকে কাজে লাগানোর ক্ষমতাকে বোঝায়। বিভিন্ন প্রকার বুদ্ধি পরিমাপকের আবিষ্কারক সাইকোলজিস্ট ডেভিড ওয়েসলারের মতে, বুদ্ধিমত্তা হচ্ছে উদ্দেশ্যপূর্ণ কাজ করার, যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কার্যকরভাবে আচরণ করার ক্ষমতা। এই বিস্তৃত সংজ্ঞা অনুযায়ী, একজন ব্যক্তি তখনই বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করতে পারে, যখন সে তার পূর্ব অভিজ্ঞতা থেকে শিখে, প্রতিদিনকার সমস্যার জন্য কার্যকরী সমাধান খুঁজে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে।
মাদক গ্রহণ করলে মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক পদার্থের অধিক পরিমাণে বৃদ্ধি ঘটে, যার ফলে এক ধরনের আনন্দদায়ক অনুভূতি বা অতি চঞ্চলতা অনুভূত হয়। এভাবে বারবার ডোপামিনের আধিক্যের ফলে মস্তিষ্কের কোষসমূহ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়।
কিছু কিছু মাদক মস্তিষ্কের নির্দিষ্ট কিছু রিসেপটরের সঙ্গে সংযোগ ঘটায়, ফলে মস্তিষ্কের স্বাভাবিক কাজ যেমন, তথ্য বা সংকেত আদান-প্রদান এবং তার ব্যাখ্যা খোঁজার ক্ষমতা ব্যাহত হয়। যেহেতু মাদক ঐসব রিসেপ্টরকে ব্যস্ত রাখে তাই শরীরের স্বাভাবিক নিউরোট্রান্সমিটার ঐসব রিসেপটরের সঙ্গে সংযোগ ঘটাতে বাধাপ্রাপ্ত হয়। এর মানে হলো, নিউরোট্রান্সমিটার তাদের কাজ সঠিকভাবে করতে পারে না অর্থাৎ মস্তিষ্ক থেকে তথ্য বা সংকেত শরীরে আদান-প্রদান ঠিকভাবে হয় না। এছাড়া মাদক মস্তিষ্কের বিভিন্ন সংকেতকে ব্যাহত করে এবং শরীরের জন্য প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরিও বন্ধ করে দেয়।
মাদকের প্রভাবে রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং শরীরের সকল জায়গায় রক্তপ্রবাহ কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এথোরোসেক্লরোসিস (রক্তনালীতে প্লাগ জমা) হয়ে রক্তনালী শক্ত ও সংকুচিত হয়ে যায়। মস্তিষ্কের রক্তনালীতেও একই ঘটনা ঘটে এবং এতে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্থানে রক্ত চলাচল ব্যাহত হয়। বারংবার একই ঘটনা ঘটে এক সময় মস্তিষ্কের কোষ মারা যায় এবং তাদের মধ্যে এক ধরনের গ্যাপ বা ফাঁকা স্থান তৈরি হয়। যার ফলে মস্তিষ্ক যথাযথভাবে চিন্তা করে কার্যকরী কাজ করতে বাধাপ্রাপ্ত হয়।
দুর্ভাগ্যজনকভাবে মাদকের অপব্যবহার মস্তিষ্কের সেসব জায়গায় বেশি ক্ষতি করে যেগুলো আমাদের কার্যকরভাবে চিন্তা করতে, স্মৃতিশক্তি যথাযথভাবে ব্যবহার করতে এবং নতুন কিছু শিখতে ভূমিকা রাখে। কোনোকিছু শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি ব্যবহারের ক্ষমতা এবং যুক্তিযুক্ত কাজ করার ক্ষমতা ইত্যাদি সবই আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত। যখন মাদকের অপব্যবহারের ফলে মস্তিষ্কের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়, তখন বুদ্ধিমত্তাও কমে যায়।
আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, যদিও মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষসমূহকে বিভিন্ন চিকিৎসায় পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব হয় তবু যদি মস্তিষ্কের কোনো কোষ মারা যায় তাহলে তারা আর কখনো নতুনভাবে তৈরি হয় না, অর্থাৎ পেছনে ফেরার রাস্তা বন্ধ। এজন্যই যারা দীর্ঘমেয়াদে মাদক গ্রহণ করে, তারা নতুন কোনো কিছু মনে রাখতে পারে না, সহজেই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। ক্রমবিকাশমান মস্তিষ্ক মাদকাসক্ত হওয়ার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ-জন্মপূর্ব, শৈশব এবং কৈশোরে মাদকের অপব্যবহার হলে তা আমাদের চিন্তাশীল কার্যকলাপে টেকসই পরিবর্তন করে। চিন্তাশীল কার্যকলাপের পরিবর্তনে লেখাপড়ার ওপর মারাত্মক প্রভাব পড়ে এবং নতুন জ্ঞান আহরণ বাধাগ্রস্ত হয়। লেখাপড়ায় খারাপ করা এবং মাদক গ্রহণ, দুটোর মধ্যে পরস্পর দ্বিমুখী সম্পর্ক বিদ্যমান। কারো কারো মতে বুদ্ধিমত্তা ও চিন্তাশীলতার অভাবে শিশু-কিশোরদের মাদকের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা অন্য যেকোনো কিছুর থেকে বেশি। বিপরীতভাবে অন্যরা বলেন, মাদকাসক্তিই হচ্ছে বুদ্ধিমত্তা ও চিন্তাশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার উৎস।
যেভাবেই হোক, মাদক আমাদের বুদ্ধিমত্তার ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। আমাদের স্বাভাবিক চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা কমিয়ে দেয়। মাদক গ্রহণ করলে সকল বয়সী মানুষের ক্ষেত্রেই এরকম হতে পারে। তবে শিশু-কিশোরদের ক্ষেত্রে এই প্রভাব খুবই মারাত্মক। তাই বুদ্ধিদীপ্ত ও চিন্তাশীল মানুষ হতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে।
- ডা. মেজবাউল খাঁন ফরহাদ
- মনোরোগ বিশেষজ্ঞ, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল।

