বিনোদন বা মনোরঞ্জন এমন এক ধরনের বিশেষ কাজ যা কোনো মানুষের আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং তা তাদেরকে আনন্দ প্রদান করে। মানুষের আগ্রহের পরিধিটা অনেক বিস্তৃত হওয়ার কারণে বিনোদনে মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকে।
বিনোদন গ্রহণের অভিজ্ঞতা মূলত আনন্দ লাভের সঙ্গে জড়িত। ফলে বিনোদনের একটি সাধারণ উদ্দেশ্য হলো মজা ও হাস্যরস, যদিও অনেক বিনোদনের গুরুতর উদ্দেশ্য থাকে। এ কারণেই বিনোদনের বিভিন্ন রূপও দেখা যায় যেমন: বিভিন্ন সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব, সংস্কৃতিচর্চা, শরীরচর্চা, খেলাধুলা, বাগান সাজানো ইত্যাদি।
বিনোদনের রূপ আবার সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকীকরণও হয়েছে। বিনোদনের মাধ্যম যাই হোক না কেন এ থেকে অন্তর্দৃষ্টি বা বুদ্ধির বিকাশের সম্ভাবনা রয়েছে। কাজেই ব্যক্তিগত, পারিবারিক, পেশাগতসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনোদনের প্রয়োজনীয়তা অপরিসীম।
পেশা হচ্ছে কোনো ব্যক্তির জীবন-জীবিকা নির্বাহের জন্য চাকুরি বা অন্য কোনো বৃত্তিবিশেষ। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আমাদের কাজের জায়গা বা কর্মক্ষেত্র। জীবনের অনেকটা সময়ই কিন্তু আমরা কাটাই এ কর্মক্ষেত্রে যা আমাদের জীবনের দ্বিতীয় গৃহস্বরূপ।
কর্মক্ষেত্রে কাজ করেই আমাদেরকে সপ্তাহের পাঁচ থেকে ছয় দিন ব্যস্ত থাকতে হয়। অফিসের কাজ আর দৈনন্দিন জীবনের নানা বিষয় মাথায় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। যার কারণে অনেক সময় তৈরি হয় মানসিক চাপ। আর বেশি মানসিক চাপের ফলে আমরা প্রায়ই দুশ্চিন্তায় ও হতাশায় ভুগে থাকি। মানসিক হতাশায় কর্মক্ষেত্র ও পরিবার-দুই জায়গাতেই আমরা বাঁধিয়ে ফেলি গোলমাল।
আবার অনেক সময় কাজ করতে করতে আর ভালোও লাগে না বা একটু কাজ করেই আর মনোযোগ থাকে না। অফিসের টেবিলে একঘেয়ে কাজ করতে করতে কাজের ওপর বিরক্তিও চলে আসে। প্রতিদিনই কাজের একটা পর্যায়ে চোখ জ্বালাপোড়া, মাথা ধরা ইত্যাদি সমস্যার কথা অনেকেই বলে থাকেন।
কাজেই পেশাগত কাজের সঙ্গে বিনোদনের একটা বন্ধন তৈরি করতে পারলে এ সমস্যা থেকে মুক্ত হওয়া যায় সহজেই। যেমন এসব সমস্যার একটা খুব সহজ সমাধান হতে পারে অফিসের টেবিলে ছোট্ট একটি গাছ। অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কর্মীদের টেবিলে গাছ দেয়া হয়। ছোট্ট একটি গাছ কাজের সময়ে ক্লান্তি দূর করা, মনোযোগ বৃদ্ধি করা ও কাজের মান বাড়িয়ে দিতে পারে।
বিভিন্ন গবেষণার তথ্যমতে, কর্মক্ষেত্রে তারাই সফল হন যাদের কাজের জায়গায় বিনোদনের পরশ থাকে। আর বিনোদন মানেই তো আকর্ষণ বা আগ্রহের জায়গা। কাজেই কর্মক্ষেত্রকে আকর্ষণীয় ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার লক্ষ্যে নিম্নলিখিত কিছু পদক্ষেপ সহজেই নেয়া যেতে পারে যেমন:
- কর্মক্ষেত্রে ছোটো পরিসরে বাগান করা
- কাজের বিরতিতে নিজের পছন্দের বই পড়া
- কাজের বিরতিতে কিছু সময়ের জন্যে সংবাদপত্র পড়া বা সুযোগ থাকলে টেলিভিশন দেখা
- যেহেতু মানুষ মাত্রই বন্ধুসুলভ ও একজন প্রকৃত বন্ধুর সংস্পর্শ সে খুব বেশি উপভোগ করে তাই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা।
- সহকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলা
- সহকর্মীদের সঙ্গে কর্মবিরতি উপভোগ করা
- সকলের সঙ্গে বসে দুপুরের খাবার কিংবা নাস্তা খাওয়া
- অতিরিক্ত চাপের সময় সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শ নেয়া
- কাজের বিরতিতে সৃজনশীল কোনো কিছু করা
- কাজের বিরতিতে নিজের খুব পছন্দের কিছু করা
- একটি নির্দিষ্ট সময় বের করে নিয়মিত শরীরচর্চা করা
- কর্মক্ষেত্রে মাঝে মাঝে খেলাধুলার আয়োজন করা
- সহকর্মীদের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা
- সহকর্মীদের সঙ্গে বাৎসরিক বনভোজনের আয়োজন করা ইত্যাদি।
ডা. সুস্মিতা রায়,
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট।
আপনার মানসিক স্বাস্থ্যের জন্য একজন Best Psychiatrist in Dhaka নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
বিস্তারিত জানতে Best Psychiatrist in Dhaka সম্পর্কে এই নিবন্ধটি পড়ুন।

