জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইএমএইচ) আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ৪০০ শয্যার সেবা চালু করা হয়েছে। গত ১১ মে ২০২৬ প্রতিষ্ঠানটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ধিত এই শয্যা কার্যক্রম সম্পূর্ণরূপে চালুর ঘোষণা দেওয়া হয়।
৪০০ শয্যার সেবা চালু করা হলেও লোকবল কম থাকায় ২০০ শয্যার জন্য নির্ধারিত জনবল দিয়েই ৪০০ শয্যা পরিচালোনা করতে হবে।
এর আগে ২০২১ সালের ২৬ অক্টোবর সরকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শয্যা সংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ৪০০-তে উন্নীত করার অনুমোদন দেয়। অনুমোদনের পর ধাপে ধাপে ৩৪০ শয্যা চালু করা হলেও দীর্ঘদিন পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। সে সময়ও সীমিত জনবল দিয়েই বাড়তি শয্যার সেবা চালানো হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার সাইকিয়াট্রিস্ট ডা. মো. আরিফুজ্জামান মনের খবরকে বলেন “প্রথমে চালু ছিলো ২০০ শয্যা, পরে সরকার শয্যা সংখ্যা ৪০০ তে উন্নীত করে। কিন্তু কার্যত চালু ছিলো ৩৪০ শয্যা । আমাদেরকে ২০০ শয্যার লোকবল দিয়েই ৩৪০ শয্যা চলাতে হতো। অর্থাৎ সরকার শয্যা সংখ্যা বাড়ালেও লোকবল বা রিসোর্স বাড়ায় নি । এখন আবার ৪০০ শয্যা পুরোপুরি চালু হয়েছে। কিন্তু আমাদেরকে সেই ২০০ শয্যার লোকবল দিয়েই ৪০০ শয্যা চালাতে হবে।“
অর্থাৎ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়লেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স ও সহায়ক স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি কিংবা নিয়োগ হয়নি। ফলে বিদ্যমান জনবলকে অতিরিক্ত চাপ নিয়েই সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের মানসিক স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন, গবেষণা কার্যক্রম এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠানটি প্রথমে ১৯৮১ সালে ‘ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন ও স্থানান্তরের মাধ্যমে ২০০১ সালে ঢাকা মহানগরীর শেরে-ই-বাংলা নগরে বর্তমান ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে।
বর্তমানে আটতলা বিশিষ্ট এই প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক চিকিৎসক ও সহায়ক স্বাস্থ্যসেবাকর্মী কর্মরত রয়েছেন। হাসপাতালটিতে একসঙ্গে ৪০০-এর বেশি ভর্তি রোগীর চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৪০০ থেকে ৫০০ রোগী সেবা গ্রহণ করেন।
এখানে শিশু-কিশোর, বয়স্ক নাগরিক, বিষণ্ণতা, ওসিডি (শুচিবায়ু), যৌন সমস্যা এবং মাদকাসক্তি চিকিৎসার জন্য পৃথক বিশেষায়িত ক্লিনিক পরিচালিত হচ্ছে। পাশাপাশি কর্মরত সাইকোলজিস্টরা রোগীদের কাউন্সেলিং ও সাইকোথেরাপি সেবা প্রদান করে থাকেন।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি একটি ইতিবাচক উদ্যোগ হলেও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সহায়তা বাড়ানো জরুরি।

