জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট (NIMH) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর যৌথ উদ্যোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট (NIMH) -এ ৯ ডিসেম্বর “Brain Health and Dementia: Recent Advancement” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন সান ফার্মাসিউটিক্যালস।
ডিমেনশিয়া গবেষণা, মস্তিষ্কের স্বাস্থ্য ও বয়োবৃদ্ধদের মানসিক সুস্থতা নিয়ে সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতি তুলে ধরাই এই কর্মশালার মূল লক্ষ্য ছিল।
কর্মশালায় আন্তর্জাতিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিন-এর জেরিয়াট্রিক সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ড. ইরাসেমা লেরোই (Prof. Dr. Iracema Leroi)। তিনি ডিমেনশিয়ার সর্বাধুনিক চিকিৎসা-পদ্ধতি, আন্তর্জাতিক গবেষণা প্রবণতা, এবং উন্নত বিশ্বের নীতিগত কাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. নিলুফার আক্তার জাহান, অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. খসরু পেরভেজ চৌধুরী, অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মণ্ডল, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন সহ অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞরা।
এছাড়াও ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানরা কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট থেকে সহকারী ও সহযোগী অধ্যাপকসহ ৫৫ জনের অধিক চিকিৎসক এ কর্মশালায় উপস্থিত ছিলেন। অ্যালঝেইমারস সোসাইটি অফ বাংলাদেশের সভাপতিও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
উচ্চসংখ্যক অংশগ্রহণ এই কর্মশালার প্রতি চিকিৎসক সমাজের আগ্রহ ও প্রাসঙ্গিক গুরুত্বকে প্রতিফলিত করে।
মূলত ডিমেনশিয়া ও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতি শেয়ার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, এবং ভবিষ্যৎ গবেষণা ও নীতিমালা গ্রহণে তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি তৈরি করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।
চিকিৎসকদের মতে, বাংলাদেশের দ্রুত বয়োবৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ডিমেনশিয়া ও ব্রেইন হেলথকে একটি জাতীয় স্বাস্থ্য-অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি। এই কর্মশালা চিকিৎসকদের আন্তর্জাতিকভাবে আপডেটেড জ্ঞান প্রদান এবং মানসিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।
আরও দেখুন-

