আত্মহত্যার প্রবণতা ও মৃত্যুহার প্রতিরোধের লক্ষ্যে চলচ্চিত্র নির্মাতা, মঞ্চ ও পর্দার কলাকুশলীদের জন্য একটি সহায়ক নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। নির্দেশিকা প্রণয়নে সহযোগিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ২৬ অক্টোবর রবিবার দুপুরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নির্দেশিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র, নাটক বা অন্য যেকোনো কনটেন্টে কাজ করা নির্মাতা ও কলাকুশলীরা যেন আত্মহত্যাকে দায়িত্বশীলভাবে উপস্থাপন করেন এবং অনিচ্ছাকৃতভাবে যেন কোনোভাবেই তা উৎসাহিত না হয়— সেই সচেতনতা তৈরিই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)’র সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। এছাড়াও অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞ, চলচ্চিত্র নির্মাতা, লেখক, গবেষক, মঞ্চ ও পর্দার শিল্পীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ‘আত্মহত্যা: বাংলাদেশ দৃষ্টিকোণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মো. মুনতাসির মারুফ। নারীদের মধ্যে আত্মহত্যা প্রবনতা বেশি উল্লেখ করে প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ হাজার থেকে ১৪ হাজার মানুষ আত্মহত্যা করে প্রাণ হারান, এদের মধ্য নারীর সংখ্যা বেশি।
তিনি আরও বলেন, ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা ও প্রচেষ্টার হার যথাক্রমে ৪.৭%, ১.৫% এবং ১.৫%। অধিকাংশ মৃত্যুর কারণ ফাঁস লাগানো ও বিষপান। দেশের মধ্যে ঝিনাইদহ জেলায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর প্রায় ২০%।
আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীর সংখ্যা খুবই কম উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, “বেশিরভাগই মেডিসিন, গাইনি বা সার্জারি বিভাগে পড়তে আগ্রহী। সচেতনতামূলক প্রচারও যথেষ্ট হচ্ছে না। যদি মেডিক্যালের শিক্ষার্থীরা নাটিকা বা অভিনয়ের মাধ্যমে মানসিক রোগের বিষয়গুলো তুলে ধরতে পারে, তাহলে তারা বিষয়টি আরও গভীরভাবে বুঝতে পারবে।” তিনি তার বক্তব্য আরও বলেন, “আমাদের দেশে সড়ক দুর্ঘটনার পর আত্মহত্যা মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে, মেয়েদের মধ্যেও হার বেশি। এই নির্দেশিকা আত্মহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আত্মহত্যার হার কমানোর আশা ব্যক্ত করে অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, “ যদি চলচ্চিত্র নির্মাতা, মঞ্চ ও পর্দার কলাকুশলীরা নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে আত্মহত্যার হার অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এই প্রবণতা নিয়ন্ত্রণে আনলে অকাল মৃত্যু উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।” তিনি আরও বলেন, “আমাদের নাটক ও চলচ্চিত্রে আত্মহত্যাকে কখনোই সমস্যার সমাধান হিসেবে দেখানো উচিত নয়। তরুণ সমাজ যেন এটিকে নেতিবাচক হিসেবে উপলব্ধি করে, সেটিই গুরুত্বপূর্ণ।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এমন উদ্যাগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)’র সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, যারা আত্মহত্যা করেন তারা অনেক সমস্যায় ভুগেন। যাদের মানসিক সমস্যা আছে তাদের দিকে আমাদের বিশেষ নজর দেয়া জরুরি।
আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা এই বিশ্বাস থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই উদ্যোগ। সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে গণমাধ্যম ও বিনোদন জগতে দায়িত্বশীল ভূমিকা পালন করা গেলে আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এই নির্দেশিকার মাধ্যমে নির্মাতা, সাংবাদিক ও সাধারণ মানুষ সবাই যেন সচেতন হন, কেউ যেন আত্মহত্যাকে সমাধান নয় বরং প্রতিরোধযোগ্য এক সামাজিক ও মানসিক সমস্যা হিসেবে দেখেন সেটিই এর মূল লক্ষ্য।
সহযোগিতা, সহমর্মিতা ও ইতিবাচক বার্তার মাধ্যমেই তৈরি হতে পারে এমন এক সমাজ, যেখানে জীবনের প্রতি ভালোবাসাই হবে সবচেয়ে বড় শক্তি।
আরও পড়ুন-

