মানসিক রোগ যে একটা রোগ এটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত নয়। তবে বাস্তবতা হলো মানসিক রোগ অন্য অনেক রোগের মতোই একটি রোগ এবং চিকিৎসাযোগ্য রোগ। পার্থক্য হচ্ছে এই রোগটি দৃশ্যমান নয়। যেকোনো ব্যক্তি যেকোনো সময় যেকোনো রোগে আক্রান্ত হতে পারে। যেহেতু রোগীর আচরণই মূলত মানসিক রোগের প্রধান নির্ণায়ক। তাই অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিশেষ করে রাস্তাঘাটে মানসিক রোগীরা অনেক অমানবিক আচরণের শিকার হয়ে থাকেন। আমরা কারো মানসিক সমস্যা আছে কিনা সেটা না বোঝার কারণে অনেক সময় ভুলবসত খারাপ আচরণ করে থাকি।
রাস্তাঘাটে মানসিক রোগীরা বিভিন্নভাবে মানুষের কাছে অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়ে থাকেন। অনেকে না বুঝে কিংবা বিরক্ত হয়ে কখনো কখনো মানসিক রোগীদের বকাঝকা করেন, খারাপ আচরণ করেন, অনেকে তাদেরকে শেকল দিয়েও বেঁধে রাখেন। আমাদের বুঝতে হবে যে, তারা ইচ্ছা করে এমন আচরণ করেন না; এমন আচরণ করতে বাধ্য হন।
আমাদের সমাজে মানসিক রোগীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। মানসিক রোগীর অন্যতম একটি সমস্যা হলো সমাজের মানুষের দ্বারা নিগৃহীত হওয়া। রাস্তাঘাটে অনেক সময় লোকজন তাদের নিয়ে ঠাট্টা করে, মজা করে, উপহাস করে।
এমনকি অনেক সময় দেখা যায় ছোট ছেলেমেয়েরা তাদের পেছনে ধাওয়া করছে। আমাদের উচিত তাদেরকে নিয়ে উপহাস না করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এবং সহানুভূতিশীল আচরণ করা। শিশুদেরকেও বুঝিয়ে দিতে হবে, একজন মানসিক রোগী অদ্ভুত বা অন্যগ্রহের কিছু নয় সে-ও তারই মতো মানুষ। একজন অসুস্থ মানুষ। শিশুদেরকে খাওয়ানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য ‘পাগল এসে ধরে নিয়ে যাবে’ ধরনের ভীতি প্রদর্শন অনুচিত। এতে সে মানসিক রোগীর প্রতি ভয়, ঘৃণা নিয়ে বেড়ে ওঠে।
আমাদের সমাজ-বাস্তবতা এরকম যে, কেউ মানসিকভাবে অসুস্থ হলো মানে সে যেন ভয়ংকর কোনো অপরাধ করে ফেলল যার কলঙ্ক তাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে। তাই মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরা লজ্জা ও ভয়ের কারণে তাদের রোগ গোপন করে থাকেন, এমনকি তাদের পরিবারও তাদের নিয়ে লজ্জাবোধ করে এবং বিষয়টি আড়াল করতে চায়। যার ফলে তারা তীব্র অসহায় বোধ করেন এবং নিদারুণ মনোকষ্টের শিকার হন। আমাদের উচিত মানসিকভাবে অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সবধরনের সমর্থন দেয়া।
বিয়ে মানসিক রোগের চিকিৎসা নয়। কারো মানসিক রোগ হলে অনেক সময় তার পরিবার ভাবে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর এজন্য তারা ছেলে বা মেয়ের অসুস্থতার বিষয়টি গোপন করে তাকে বিয়ে দিয়ে দেয়। এটা একদিকে যেমন অপরাধ তেমনি অসুস্থ মানুষটির প্রতিও অনাকাঙ্ক্ষিত ভার চাপিয়ে দেয়া।
কেউ মানসিকভাবে অসুস্থ হলে তাকে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার আওতায় আনতে হবে। মানসিক রোগ চিকিৎসাযোগ্য, চিকিৎসায় সেটা ভালো হতে পারে, নিয়ন্ত্রণে থাকতে পারে-এই সত্যটা সর্বস্তরের মানুষের কাছে পৌছুতে হবে।
কোনো কোনো মানসিক রোগী নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেন। কারণ এসব রোগীর মনোজগতে বিশৃঙ্খলা দেখা দেয়। মানসিকভাবে অসুস্থ এসব রোগীদের ‘পাগল’ মনে করা হয়। এরা রাস্তাঘাটে ছেড়া-ময়লা কাপড় পরে ঘুরে বেড়ায়, একা একা বিড়-বিড় করে কথা বলে; তাদেরকে দেখলে আমরা এড়িয়ে চলি, ঘৃণা করি। কিন্তু আমাদের উচিত এসব মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা। এদেরকে পাগল বলা সামাজিক অপরাধ।
তাছাড়া সমাজের খুব কম সংখ্যক লোকেরই মানসিক রোগ সম্পর্কে ধারণা আছে। তাই সমাজের অধিকাংশ লোক মানসিক রোগীকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকে। আমাদের উচিত মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা বর্জন করে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে এ অবস্থার উন্নতি করা।
যেকোনো অসুস্থতা থেকে মুক্তিলাভের জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মানসিক অসুস্থতাও এর ব্যতিক্রম নয়। তাই আমাদের প্রয়োজন মানসিক অসুস্থতা নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা থেকে বের হয়ে এসে এ সম্পর্কে সঠিক জ্ঞানলাভ করা এবং সঠিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো।
- মাহজাবিন আরা শান্তা
- প্রতিবেদক, মনের খবর।

