মনের খবর ম্যাগাজিনে প্রকাশিত সিদ্ধান্তহীনতা ও তরুণদের মানসিক স্বাস্থ্য এ বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণের মন্তব্য করেছেন।
মো. আবিদ হোসেন
কনসালট্যান্ট সাইকোলজিস্ট, মনের খবর ফর কেয়ার।
চিকিৎসা মনোবিজ্ঞানের আলোকে বলা যায়, মানুষের চিন্তা ও আবেগের ভিত্তি গড়ে ওঠে শৈশবের পারিবারিক পরিবেশে। পরিবার হলো প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা শেখে কীভাবে আবেগ প্রকাশ করতে হয়, সমস্যা সমাধান করতে হয়, কিংবা অন্যের সঙ্গে আচরণ করতে হয়। যদি পরিবারে থাকে কলহ, অবহেলা বা অতিরিক্ত সমালোচনা, তবে শিশুর মনে নেতিবাচক চিন্তার প্রবণতা তৈরি হওয়া স্বাভাবিক। কগনিটিভ মনোবিজ্ঞানের মতে, এসব অভিজ্ঞতা ‘বিকৃত বিশ্বাস’ হিসেবে জমে থেকে পরবর্তিতে উদ্বেগ, হতাশা কিংবা আত্মবিশ্বাসের অভাবে রূপ নিতে পারে।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, অর্থনৈতিক টানাপোড়েন, পারিবারিক অস্থিরতা এবং বেকারত্ব তরুণ প্রজন্মকে নেতিবাচক চিন্তার দিকে ঠেলে দিচ্ছে। পারিবারিক সহায়তা না থাকলে এই চাপ আরও বেড়ে যায়। একজন চিকিৎসা মনোবিজ্ঞানী হিসেবে আমার মত হলো, পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে। নিয়মিত খোলামেলা আলাপ, ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়া, এবং একসাথে সময় কাটানো শিশুর মানসিক সুস্থতায় অসাধারণ প্রভাব ফেলে। পাশাপাশি স্কুল ও সমাজ পর্যায়ে মানসিক স্বাস্থ্য শিক্ষা ছড়িয়ে দিলে পরিবারগুলো আরও সচেতন হবে। আমি বিশ্বাস করি, পরিবার যদি ভালোবাসা, সহানুভূতি ও শ্রদ্ধার চর্চা করে, তবে নেতিবাচক নয়-বরং ইতিবাচক চিন্তাই ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতার ভিত্তি হয়ে উঠবে।


