খেলাধুলা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়। খেলাধুলার মাধ্যমে মানুষ শিখে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মতো মূল্যবান গুণাবলী। তবে খেলাধুলায় সফল হওয়ার জন্য যে গুণটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ খেলাধুলায় অধৈর্য হলে কখনোই কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয় না।
বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে সবাই খুব দ্রুত সফল হতে চায়। অল্প সময়ের মধ্যে সেরা হওয়ার আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু খেলাধুলার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে সাফল্য রাতারাতি আসে না। একজন খেলোয়াড়কে দিনের পর দিন কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, শারীরিক কষ্ট ও মানসিক চাপের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। ধৈর্য ছাড়া এই দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব নয়।

খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই ধৈর্যের গুরুত্ব অপরিসীম। একজন নতুন খেলোয়াড় শুরুতেই নিখুঁতভাবে খেলতে পারবে না-এটাই স্বাভাবিক। প্রথমদিকে ভুল হবে,ব্যর্থতা আসবে, অনেক সময় অন্যদের তুলনায় নিজেকে পিছিয়ে পড়া মনে হতে পারে। কিন্তু এসব কারণেই যদি কেউ হতাশ হয়ে পড়ে বা অধৈর্য হয়ে থেমে যায়। বরং ভুলগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, খেলা ছেড়ে দেয়, তাহলে তার উন্নতির পথ সেখানেই নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে এবং ধৈর্যের সঙ্গে অনুশীলন চালিয়ে গেলে ধীরে ধীরে উন্নতি সম্ভব হয়।
একজন সফল খেলোয়াড়ের জীবনের দিকে তাকালেই আমরা ধৈর্যের অসাধারণ উদাহরণ দেখতে পাই। পৃথিবীর বিখ্যাত খেলোয়াড়রা কখনো একদিনে সাফল্যের শিখরে পৌঁছাননি। তাদের সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর অনুশীলন, অসংখ্য ব্যর্থতা, আঘাত, সমালোচনা এবং অবিরাম চেষ্টা। তারা যদি অধৈর্য হতেন, তাহলে হয়ত এত বড়ো অর্জন সম্ভব হতো না। তাই খেলাধুলা আমাদের শেখায়-সফলতা অর্জনের জন্য সময়ের প্রয়োজন হয় এবং সেই সময়টুকু ধৈর্যের সাথে পার করতে হয়।
খেলার মাঠে জয়-পরাজয় একটি স্বাভাবিক বিষয়। সবসময় জয় লাভ করা সম্ভব নয়। কখনো হেরে যেতে হয়, কখনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কিন্তু প্রকৃত খেলোয়াড় সেই ব্যক্তি, যে পরাজয়ে ভেঙে না পড়ে বরং নতুন উদ্যমে আবার উঠে দাঁড়াতে পারে। পরাজয় মানুষকে শিক্ষা দেয়, নিজের ভুল বুঝতে সাহায্য করে এবং আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। কিন্তু অধৈর্য মানুষ পরাজয় মেনে নিতে পারে না। তারা খুব দ্রুত হতাশ হয়ে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে তাদের মানসিক শক্তি কমে যায় এবং ভবিষ্যতের সাফল্যের পথও কঠিন হয়ে ওঠে।
ধৈর্য শুধু খেলাধুলায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের চাবিকাঠি। খেলাধুলা আমাদের সেই ধৈর্যের বাস্তব শিক্ষা দেয়।মাঠে নিয়মিত অনুশীলন করা, সময় মেনে চলা, কোচের নির্দেশনা অনুসরণ করা এবং নিজের সীমাবদ্ধতাকে ধীরে ধীরে কাটিয়ে ওঠা-এসবই একজন মানুষকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করে তোলে। খেলাধুলার মাধ্যমে অর্জিত ধৈর্য ও সহনশীলতা পরবর্তিতে ব্যক্তিগত জীবন, শিক্ষা ও কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে।
বর্তমানে শিশু-কিশোরদের মধ্যেও অধৈর্যের প্রবণতা বাড়ছে। তারা খুব দ্রুত ফল আশা করে এবং অল্প ব্যর্থতাতেই হতাশ হয়ে পড়ে। তাই পরিবার, শিক্ষক ও প্রশিক্ষকদের উচিত তাদের বোঝানো যে খেলাধুলার মূল উদ্দেশ্য শুধু জয়লাভ নয়; বরং নিজের দক্ষতা বৃদ্ধি, শারীরিক সুস্থতা এবং মানসিক দৃঢ়তা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। ধৈর্যের সঙ্গে এগিয়ে গেলে একদিন সাফল্য অবশ্যই আসবে।
খেলাধুলা মানুষকে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। একজন ধৈর্যশীল খেলোয়াড় জানে, প্রতিটি দিনই শেখার নতুন সুযোগ। আজ যে ব্যর্থতা এসেছে, আগামীকাল সেটিই হতে পারে সাফল্যের ভিত্তি। তাই অধৈর্য না হয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ধৈর্য-এই চারটি গুণ একজন খেলোয়াড়কে প্রকৃত সফলতার পথে নিয়ে যায়।
পরিশেষে বলা যায়, খেলাধুলায় অধৈর্য হলে ভালো ফল পাওয়া সম্ভব নয়। ধৈর্যই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড়ো শক্তি। কারণ ধৈর্য মানুষকে স্থির থাকতে শেখায়, ব্যর্থতা মোকাবিলা করার সাহস দেয় এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মানসিক শক্তি জোগায়। তাই খেলাধুলায় সফল হতে হলে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে-সত্যিকারের সাফল্য কখনো হঠাৎ করে আসে না; এটি আসে সময়, পরিশ্রম ও ধৈর্যের সমন্বয়ে।
ডা. অনন্যা কর
মনোরোগ বিশেষজ্ঞ


