একটি মহাসড়কে বড়ো একটি ট্রাফিক জ্যামে আটকে থাকা কল্পনা করুন, যেখানে মানুষ ক্রমাগত হর্ন বাজাচ্ছে। যা আপনাকে এবং আশেপাশের মানুষকে রাগান্বিত উৎকণ্ঠিত ও হতাশ করে তুলছে। আপনার মেজাজ, অভ্যন্তরীণ শান্তি এবং শক্তি নষ্ট করা ছাড়া পরিস্থিতির উন্নতি করার জন্য এটি কিছুই করে না। অনেকেই মনে করেন উদ্বেগ হঠাৎ করেই তৈরি হয়। কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলছে উদ্বেগের বীজ প্রায়ই লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন অধৈর্য আচরণের মধ্যে।

ধৈর্য এবং অধৈর্যতা কী?
ধৈর্য বলতে সহনশীলতা বা সহনশীলতার গুণাবলী এবং প্রতিকূল বা দুর্দশার মুখে শান্তভাবে অপেক্ষা করার ক্ষমতা বোঝায়।একজন ধৈর্যশীল ব্যক্তি শান্ত ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে, লক্ষ্য অর্জন করতে এবং সামগ্রিক মানসিক সুস্থতার উন্নতি করতে সক্ষম। অধৈর্যতা হলো অপেক্ষা বা বিলম্বকে সহ্য করতে না পারার মনসিক প্রবণতা। যখন কোনো প্রত্যাশিত ফলাফল দ্রুত আসে না, তখন ব্যক্তি অস্বস্তি, বিরক্তি বা মানসিক চাপ অনুভব করে।আধুনিক সমাজে তাৎক্ষণিক সন্তুষ্টির (instant gratification) সংস্কৃতি এই প্রবণতাকে আরো শক্তিশালী করেছে।কয়েক সেকেন্ডে তথ্য পাওয়া, এক ক্লিকেই কেনাকাটা, দ্রুত যোগাযোগ এসব আমাদের মস্তিষ্ককে দ্রুত ফলাফলের প্রতি অভ্যস্ত করে তুলেছে।
অধৈর্যতা থেকে উদ্বেগের মনস্তাত্ত্বিক যাত্রা
মনোবিজ্ঞানের দৃষ্টিতে অধৈর্যতা এবং উদ্বেগের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন কোনো ব্যক্তি অপেক্ষা করতে অপারগ হন, তখন তিনি ভবিষ্যত সম্পর্কে অতিরিক্ত চিন্তা শুরু করেন। কখন হবে? যদি না হয়? যদি খারাপ কিছু ঘটে? এ ধরনের চিন্তা ধীরে ধীরে উদ্বেগের জন্ম দেয়।
অধৈর্যতার সূত্রপাত
- প্রতীক্ষায় অস্বস্তি
- কাজের ধীর গতিতে বিরক্তি
- ঘন ঘন সময় দেখা
- দ্রুত ফলাফল পাওয়ার আকাঙ্ক্ষা
- অবাস্তব প্রত্যাশা
- অনিশ্চয়তা সহ্য করতে না পারা
- বিপর্যয়মূলক চিন্তা
অধৈর্যতার কারণে ব্যক্তি দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চান। ফলে কোনো পরিস্থিতির স্বাভাবিক বিলম্বকেও তিনি নেতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন। উদাহরণস্বরূপ পরীক্ষায় ফল প্রকাশে দেরি হলে তিনি ভাবতে পারেন। “ফল নিশ্চয়ই খারাপ হয়েছে” এই ধরনের চিন্তা উদ্বেগকে আরও তীব্র করে।
অধৈর্যতার উদ্বেগে রূপান্তর:
অধৈর্যতা থেকে উদ্বেগে রূপান্তর কেবল মানসিক নয়, বরং সুস্পষ্ট স্নায়ুবৈজ্ঞানিক ও হরমোনীয় প্রক্রিয়া। ডোপামিন নির্ভর তাৎক্ষণিক পুরস্কারের চাহিদা, অ্যামিগডালার অতি সক্রিয়তা, প্রিফ্রন্টাল কর্টেক্সের অতিরিক্ত উদ্দীপনা এবং সেরোটোনিনের ভারসাম্যহীনতা-সব মিলিয়ে অধৈর্যতা ধীরে ধীরে উদ্বেগে রূপ নেয়। এর ফলে বিভিন্ন মানসিক ও শারীরিক উপসর্গ তৈরি হয়। যেমন-
- অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয়
- বুক ধড়পড়, শ্বাসকষ্ট, ক্লান্তি বা অস্থিরতা
- মনোযোগ কমে যাওয়া ও ঘুম না আসা
- অস্থিরতা ও পেশির টান অনুভব করা
- খিটখিটে ভাব
কীভাবে মোকাবিলা করবেন?
- সমস্যা চিহ্নিত করণ ও পরিকল্পনা
- ধৈর্য অনুশীলন (ডিজিটাল ডিটক্স)
- সময় ব্যবস্থাপনা এবং সচেতনভাবে অপেক্ষার অভ্যাস গড়ে তোলা।
- মাইন্ডফুলনেস চর্চা করা-ভবিষ্যত নিয়ে চিন্তার পরিবর্তে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া।
- সৃজনশীল কাজে সময় ব্যয় করা
- ভালো শ্রোতা হতে পারা এবং অল্পতেই ধৈর্যহারা না হয়ে মেনে নেওয়ার ক্ষমতা বাড়ানো
- পেশাদারদের সাহায্য নেওয়া
দ্রুত ফলাফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে অনিশ্চয়তার প্রতি অসহিষ্ণু করে তোলে, যা ধীরে ধীরে উদ্বেগে রূপ নেয়। অধৈর্যতা অনেক সময় একটি সাধারণ ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য বলে মনে হলেও এর গভীরে লুকিয়ে থাকতে পারে উদ্বেগের সূচনা। বাস্তবতাকে গ্রহণ করার ক্ষমতা আমাদেরকে এই নীরব মানসিক সংকট থেকে রক্ষা করতে পারে।
ডা. মো. সামীউল আলম
এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি)
সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।


