অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে হতে পারে এটি আর এমন কি! অন্যান্য গেমসের মতোই হয়ত মোবাইলে একটি খেলা! কিন্তু অনলাইন গ্যাম্বলিং ব্যাপারটা আসলে তেমন নয়। এটি প্রথমে শখ বা মজা থেকে শুরু হলেও ধীরেধীরে এটি একটি নেশায় পরিণত হয়! জুয়ার আসক্তিতে আক্রান্ত মানুষ অনেক সময় নিজেদের জুয়া খেলাকে সমস্যা বলে মানতে চায় না। তারা বোঝাতে চায় যে, জুয়া খেলার মাধ্যমে অর্থ উপার্জন হয়। তারা বোঝাতে চায় এটি সামাজিক মেলামেশার মতো গুরুত্বপূর্ণ কাজ কারণ একসাথে বসে আড্ডা হচ্ছে বন্ধুদের সাথে। বর্তামানে ধনী-গরীব, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক অনেকেই এই নেশায় আসক্ত। তবে বেশিরভাগই এটিকে নেশা মানতে নারাজ। যদি কেউ নিজেদের জুয়া খেলাকে সমস্যা বলে মনে করেও থাকে, তবুও তারা এটি আর প্রকাশ করতে চায় না। তারা যেসব জিনিস ভেবে দুশ্চিন্তা করে, সেগুলো হলো, বিব্রত হওয়া, অন্যরা এই বিষয়ে জানুক তা না চাওয়া, ঋণগ্রস্ত হওয়া এবং এর পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হওয়া, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া ইত্যাদি।

অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কী কী কৌশল থাকতে পারে?
- শুরুতেই এক সপ্তাহে জুয়া খেলতে কত টাকা ব্যয় হয় তার একটি সীমা নির্ধারণ করুতে হবে এবং সেটা ধরে রাখতে হবে। সপ্তাহে কতবার জুয়া খেলতে পারবেন তার একটি সীমা নির্ধারণ করা বাধ্যতামূলক।
- যখন কেউ অনলাইনে জুয়া খেলতে বাড়ির বাইরে যায় তখন বাড়িতে ক্রেডিট/ক্যাশ কার্ড রেখে গেলে ভালো হবে যাতে চাইলেও আর না খেলতে পারে।
- ব্যাংক অ্যাকাউন্টে টাকা উত্তোলনের সীমা সেট করতে হবে। এমন একটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতে হবে যেখানে গ্যাম্বলিং ব্লক লাগানোর সুযোগ আছে। মোবাইল থেকে গ্যাম্বলিং অ্যান্সগুলো ব্লক করে দেয়ার চেষ্টা করুন।
- বেতন পাওয়ার পর সবার আগে বাড়ির প্রয়োজনীয় সব বিল পরিশোধ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ/ নগদ থেকে অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা গেলে ভালো। অন্যান্য কাজকর্মে সময় ব্যয় করুন।
পরিবার বা বন্ধুদের সাথে ভালো সময় কাটান।
নতুন শখ বা কৌতূহল খুঁজে নিতে হবে। জুয়া খেলার আগে যে শখ বা কৌতূহলগুলো ছিল সেগুলো মেটানো শুরু করা জরুরি যাতে চাইলেও উঠে গিয়ে মোবাইল হাতে না নেয়া যায়।
- “আর অল্প একটু খেলে নিই” এই ধরনের পরিস্থিতিগুলো এড়িয়ে চলা জরুরি। খেলা থামানোর কথা মনে করিয়ে দিতে আপনার ফোনে একটি অ্যালার্ম সেট করুন। আপনার জুয়া খেলার নির্ধারিত সময় শেষ হলে খেলা বন্ধ করে অন্য কাজ করুন।
- জুয়াকে অর্থ উপার্জনের উপায় হিসাবে না দেখে বিনোদন হিসেবে দেখুন।
- সব সময় হারার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি জেতেন তবে মনে রাখবেন যে এটি কেবল ভাগ্যের জোরে ঘটতে পারে। তাই বলে সব সময় জিতবেন তা নয়।
- কখনই আপনার সঞ্চয় বা বিনিয়োগ জুয়াতে ব্যয় করবেন না। বন্ধুবান্ধব এবং পরিবারকে আপনি চাইলেও আপনাকে টাকা ধার দিতে না করুন।
- সামাজিক গ্রুপে যোগ দেয়া বা এমন বন্ধুদের সাথে সময় কাটানো যারা জুয়া খেলেনই না।
মানসিক স্বাস্থ্য সেবা নিন:
সবচেয়ে বড়ো কথা আপনার মনের জোর বাড়ানোর চেষ্টা করুন। আপনি যদি বিশ্বাস করেন যে এই নেশা থেকে বের হতে পারবেন তাহলে আপনি অবশ্যই তা পারবেন। ৩ মাসের একটি পরিকল্পনা হাতে নিতে পারেন। আপনার দুশ্চিন্তা বা উদ্বেগ সম্পর্কে বিশেষজ্ঞদের সাথে কথা বলুন। কাউন্সিলিং সেবা নিন। আপনি যদি জুয়ার আসক্তিতে আক্রান্ত কাউকে চেনেন, তাহলে আপনার অনুভূতি মোকাবেলা করতে সহায়তা নিন এবং আপনি যে সমস্যায় ভুগছেন সেগুলো নিয়ে কথা বলুন। জুয়া এবং এর চিকিৎসা সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করুন। ফ্যামিলি সাপোর্ট গ্রুপ, ফ্যামিলি এবং কাপল থেরাপি (দম্পতিদের জন্য চিকিৎসা) নিতে পারেন। প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
ফারজানা ফাতেমা (রুমী)
মনোবিজ্ঞানী


