দেশে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হলে প্রথমেই এ বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। এ জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণা বাড়ানোর পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে জনসচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে গবেষণার তথ্য-উপাত্তকে গুরুত্ব দিয়ে জাতীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যনীতি ও সেবাব্যবস্থা আরও কার্যকর করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি, গবেষণা ও সেবার বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত Mental Health in Bangladesh: From Bench to Community বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির সম্পাদক হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী পরামর্শক এস এম ইয়াসির আরাফাত। জার্মানির প্রকাশনা সংস্থা স্প্রিংগার বইটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১৮-১৯ সালের জাতীয় পর্যায়ের জরিপের তথ্য তুলে ধরে জানানো হয়, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ১৯ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় ৭ শতাংশ বিষণ্নতা এবং ৫ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। তবে চিন্তার বিষয় হলো, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯২ শতাংশই বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা পাননি বা সেবা গ্রহণ করেননি।
জরিপের তথ্য অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মধ্যে মানসিক রোগে আক্রান্তের হার প্রায় ১৩ শতাংশ। এদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ কখনোই মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসেনি।
বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব, প্রয়োজনের তুলনায় মানসিক স্বাস্থ্য পেশাজীবীর স্বল্পতা, চিকিৎসাকেন্দ্রে শয্যা ও ওষুধের সংকট এবং জাতীয় বাজেটে মানসিক স্বাস্থ্য খাতে অপর্যাপ্ত বরাদ্দ। এসব সীমাবদ্ধতা দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
বইটির সম্পাদক এস এম ইয়াসির আরাফাত বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য বিষয়ে যেসব গবেষণা হয়েছে, সেগুলোর ফলাফল ও প্রাপ্ত তথ্য বইটিতে সংকলিত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে কোন কোন গবেষণাক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন, সে সম্পর্কেও দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে একীভূত করতে হবে। একই সঙ্গে শহর থেকে গ্রাম পর্যন্ত সব পর্যায়ে মানসিক রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।


