পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। পাকিস্তানভিত্তিক গনমাধ্যম দ্যা ডনের মানসিক স্বাস্থ্য জরিপে এমন তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এই গবেষণায় পাকিস্তানের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির ব্যাপক সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি (পিপিএস) এবং করাচির হামদর্দ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এ গবেষণায় যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সহায়তা দিয়েছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই জরিপে পাকিস্তানের চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন। গবেষকদের মতে, দেশটির মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নে এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের গবেষণা।
গবেষণায় দেখা গেছে, পাকিস্তানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ বর্তমানে কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। জীবনের কোনো এক পর্যায়ে এ ধরনের সমস্যায় ভুগেছেন প্রায় ৩৮ শতাংশ মানুষ। সবচেয়ে চিন্তার বিষয় হলো, প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি)-এ আক্রান্ত। এ ছাড়া ১০ শতাংশের বেশি মানুষ হতাশায় ভুগছেন। জরিপের আগের এক মাসে প্রায় ৬ শতাংশ অংশগ্রহণকারী আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছেন।
গবেষণায় আরও জানা যায় , সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য সমস্যার গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নিম্ন আয়ের মানুষ, কম শিক্ষিত, বেকার এবং বিধবা, বিবাহবিচ্ছেদপ্রাপ্ত বা স্বামী-স্ত্রী থেকে আলাদা থাকা ব্যক্তিদের মধ্যে মানসিক সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি। এসব সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।
গবেষণার প্রধান গবেষক অধ্যাপক রেজা-উর-রহমান বলেন, এই জরিপ পাকিস্তানে কার্যকর মানসিক স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে কোন জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা বেশি প্রয়োজন এবং বিদ্যমান চিকিৎসাব্যবস্থায় কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি, নীতিনির্ধারকদের পরিকল্পনা গ্রহণ, স্বাস্থ্য খাতে সম্পদ বণ্টন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার দূর করতেও গবেষণার ফলাফল সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে মানসিক স্বাস্থ্যসেবার অন্যতম বড় বাধা হলো প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অন্যান্য দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব। এ পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূর করা এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গবেষকরা।
সামগ্রিকভাবে গবেষণাটি পাকিস্তানের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্যকে জাতীয় স্বাস্থ্যনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা, সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
সূত্র: দ্য ডন


