মনের খবর ম্যাগাজিনের “মাঠের খেলা’ সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণ করেছেন
খন্দকার মাহিন আরাফাত
রিপোর্টার, আরটিভি
সাংবাদিক হিসেবে আমরা যখন মাঠের খোঁজ করি, তখন দেখা যায় অধিকাংশ মাঠ হয় প্রভাবশালী মহলের দখলে, নয় তো সেখানে তথাকথিত উন্নয়নের নামে ইমারত গড়ে উঠেছে। একটি সুস্থ প্রজন্ম গড়ার চেয়ে প্লট বরাদ্দ বা বাণিজ্যিক স্বার্থ আজ বড় হয়ে দাঁড়িয়েছে। এটি শিশুদের বিনোদনের অধিকারের ওপর এক ধরনের ‘নৈরাজ্য’। মাঠের অভাবে শিশুরা আজ ঘরে বসে স্মার্টফোনে ‘ভার্চুয়াল’ জগতে ডুবে থাকছে। আমরা অনুসন্ধানী প্রতিবেদনে দেখতে পাই, এই মাঠহীনতা সরাসরি কিশোর অপরাধ বা ‘গ্যাং কালচার’ বৃদ্ধির অন্যতম কারণ। সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে, যা সংবাদ শিরোনামে উঠে আসছে প্রতিদিন। চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক রিপোর্টিং করতে গিয়ে দেখা যায়, মাঠের অভাবে শিশুদের শারীরিক সক্রিয়তা শূন্যের কোঠায়। ফলে শৈশবকালীন স্থূলতা (Childhood Obesity) এবং টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগ মহামারি আকারে বাড়ছে। আমরা একটি অসুস্থ প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি, যা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। প্রতিটি ওয়ার্ডে বা মহল্লায় খেলার মাঠ থাকা বাধ্যতামূলক হলেও নগর পরিকল্পনায় এর প্রতিফলন নেই। আমরা দেখি সিডিপি (City Development Plan) কাগজে-কলমে থাকলেও বাস্তবে মাঠগুলো পার্কিং লট বা ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসিনতা এবং জবাবদিহিতার অভাবকেই আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মাঠ হলো একটি সমাজের মিলনস্থল। যখন একটি মাঠ হারিয়ে যায়, তখন সেই এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ে। শিশুরা একা হয়ে যাচ্ছে, তাদের মধ্যে পরোপকার বা সহমর্মিতার চেয়ে আত্মকেন্দ্রিকতা বাড়ছে। সাংবাদিক হিসেবে আমরা এই মানবিক মূল্যবোধের অবক্ষয়কে সমাজ ভাঙার পূর্বাভাস হিসেবে দেখি। আজ সময় এসেছে মাঠ দখলদারদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার। প্রশাসনকে কেবল আশ্বাস দিলে চলবে না, প্রতিটি দখল হওয়া মাঠ পুনরুদ্ধার করে শিশুদের হাতে ফিরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, আজ যদি আমরা মাঠ রক্ষা করতে না পারি, তবে কালকের সংবাদপত্রের পাতা কেবল কিশোর অপরাধ আর বিষণ্ণ প্রজন্মের খবরে ভরে উঠবে।


