নিজেকে মাদক কিংবা যেকোনো আসক্তি থেকে মুক্ত রাখার জন্য নিজেকে প্রশ্ন করুন, “কেন আসক্তি ছাড়বেন?” যদি এর কোনো উত্তর আপনার জানা না থাকে এবং আপনি আসক্তিকে জীবনের অপরিহার্য অংশ বলে মনে করেন, যদি আসক্তি উপভোগ করে জীবন অতিবাহিত করতে চান তবে আসক্তি থেকে মুক্ত হওয়া আপনার জন্য সত্যিই কষ্টকর।
ভেবে দেখুন, মাদক সেবন কমানো বা পুরোপুরি ছেড়ে দেওয়া আপনার জীবনকে নানাভাবে উন্নত করতে পারে। যেমন: আপনার শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করা। গুরুত্বপূর্ণ অঙ্গের স্থায়ী ক্ষতি এবং মৃত্যুর ঝুঁকি কমানো। বন্ধু ও পরিবারের সাথে আপনার সম্পর্ক উন্নত করা। আপনার আবেগের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করা। আপনার শক্তি বৃদ্ধি করা। আপনাকে আরও ভালোভাবে ঘুমাতে সাহায্য করা। আপনার বাহ্যিক রূপ উন্নত করা এবং আপনার অর্থ সাশ্রয় করা।
যখন আপনি মাদক সেবন কমান বা পুরোপুরি ছেড়ে দেন, তখন আপনার শরীর একটি ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। নির্দিষ্ট মাদকের ক্ষেত্রে Withdrawal/প্রত্যাহারের লক্ষণগুলো কী কী, তা জেনে নিন।

মাদক ছাড়ার প্রস্তুতি:
মাদক সেবন কমানো বা ছেড়ে দেওয়া কঠিন মনে হতে পারে।মাদক ছাড়ার প্রথম ধাপ হলো আপনার একটি সমস্যা আছে তা স্বীকার করা। আপনি যদি নিশ্চিত না হন, তবে নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো করুন:
- আপনি কি সকালে ঘুম থেকে উঠেই বা সারাদিন কাটানোর জন্য মাদক গ্রহণ করেন?
- আপনার মাদক ব্যবহার নিয়ে বন্ধু বা পরিবারের সদস্যরা কি চিন্তিত বা অভিযোগ করেন?
- আপনি কী পরিমাণ মাদক ব্যবহার করছেন, তা নিয়ে কি মিথ্যা বলেন?
- আপনার মাদকের খরচ মেটাতে আপনি কি জিনিসপত্র বিক্রি করেছেন, চুরি করেছেন, ধার করেছেন?
- আপনার কি মনে হয় যে আপনি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন?
যদি সবগুলোর উত্তর মাদক বা আসক্তির পক্ষে যায়, তবে মাদক কমানো বা ছেড়ে দেওয়ার বিষয়ে আপনার বিশেষজ্ঞ ডাক্তরের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। তারা আপনাকে উপযুক্ত সহায়তা পেতে সাহায্য করতে পারেন। প্রয়োজনে রিহ্যাবিলিটেশন সেন্টার বা হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ২ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত হাসপাতালে থাকার প্রস্তুতি রাখতে হবে।
আপনার মাদক বিশেষজ্ঞ বা ডাক্তার আপনাকে Withdrawal/ প্রত্যাহারের লক্ষণগুলো সামলাতে সাহায্য করার জন্য ডিটক্স,ওষুধ এবং কাউন্সেলিংয়ের মতো চিকিৎসার জন্য পাঠাতে পারেন। মনে রাখবেন, এই কাউন্সেলিং সেশনের কথোপকথন ব্যক্তিগত এবং গোপনীয়। তবে রিহ্যাবিলিটেশন থেকে ফিরে এসে অনেকেই আবার আসক্ত হয়ে পড়েন। কেননা ব্যক্তির ব্যক্তিগত, পরিবার, সামাজিক সম্পর্ক, আর্থিক অসঙ্গতি ইত্যাদি সমস্যা সমাধান করতে না পারার কারণে কষ্ট ভুলে থাকার জন্য আবারও মাদক, পর্ন, আচরণগত আসক্তির কাছে শান্তি খুঁজে নেয়।
সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা, থেরাপি অবশ্যই চালিয়ে যেতে হবে। ওষুধ বন্ধ করা যাবে না। নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
আপনি যে পদক্ষেপগুলো নিতে পারেন তার মধ্যে রয়েছে:
- এমন জায়গা এড়িয়ে চলা যেখানে আপনি জানেন যে মাদক এবং অ্যালকোহল পাওয়া যাবে।
- নিজেকে এমন বন্ধুদের সাথে রাখা যারা মাদক ব্যবহার করে না।
- মাদক ছাড়া কীভাবে মানসিক চাপ সামলাতে এবং আরাম করতে হয় তা শেখা।
- ব্যায়াম বা গান শোনা, বাগান করা, ধর্মীয় অনুশাসন মেনে চলার মতো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা।
একটি পরিকল্পনা তৈরি করা:
একটি পরিকল্পনা তৈরি করে তা লিখে রাখলে তা আপনাকে মাদক ছাড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে সাহায্য করতে পারে। আপনার আরোগ্যের জন্য লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ-স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয়ই। সুনির্দিষ্ট হন এবং সেগুলোকে পরিমাপযোগ্য করুন।
স্বল্পমেয়াদি লক্ষ্য:
- আমি এই সপ্তাহে আমার ডাক্তারের সাথে দেখা করব।
- আমি এই সপ্তাহে ৩ বার আধা ঘণ্টা করে হাঁটব।
- আমি টানা ২ সপ্তাহ মাদকমুক্ত থাকতে চাই।
দীর্ঘমেয়াদি লক্ষ্য:
- এক বছর মাদকমুক্ত থাকা
- সুস্থ ও সংযমী বন্ধু থাকা যারা সমর্থন জোগায়
- নিয়মিত পারিবারের মানুষের সাথে সময় কাটানো এবং সম্পর্ক পুনর্গঠন করা।
মাদক বা যেকোনো আসক্তি প্রত্যেক ব্যক্তিকে ভিন্নভাবে প্রভাবিত করে, তেমনি চিকিৎসাও ব্যক্তিগত হওয়া প্রয়োজন এটি নির্ভর করে কোন ধরনের আসক্তিতে জড়িত এবং আপনার নির্ভরতা বা আসক্তি কতটা গুরুতর তার উপর। নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে মূলত মনের জোর বাড়ানো এবং সুস্থ জীবনপদ্ধতি গড়ে তোলা জরুরি। আসক্তি শুধু শারীরিক নয়, এটি মানসিক ও সামাজিক সমস্যাও বটে।
ফারজানা ফাতেমা (রুমী)
মনোবিজ্ঞানী


