প্রশ্ন: আমার ছোটো ভাইয়ের সাথে কিছুদিন খুবই অদ্ভুত কিছু ঘটছে যা আমাকে দিন দিন খুব চিন্তিত করে তুলছে সাথে আমার পরিবারকেও। কিছুদিন আগে থেকে আমার ভাই কানে গায়েবি আওয়াজ শুনতে পাচ্ছে। সে মনে করছে তাঁকে কেউ মৃত্যুর হুমকি দিচ্ছে। তাঁকে অনেক কবিরাজও দেখানো হয়েছে তবে কেউ কেউ বলছে এটা নাকি একটি মানসিক রোগ। এমন অবস্থায় কি করা যায়?

পরামর্শ: কানে গায়েবি কথা শুনা মানে হলো কণ্ঠ শোনা যায় কিন্তু সেই কণ্ঠের মানুষকে দেখা যায় না। সাধারণত কানে গায়েবি কথা শোনা যায় এই রোগের নাম সিজোফ্রেনিয়া, যাদের এ রোগ হয় তারা কানে গায়েবি কথা শুনতে পায় এবং কানে গায়েবি কথাগুলোর ধরন এমন হয়, যে অনেক সময় একজনের কথাও শুনতে পায় আবার অনেক সময় দুইজনের কথা শুনতে পায়। আবার অনেক সময় একাধিক কণ্ঠের গায়েবি আওয়াজ পরস্পরের সাথে কথা বলে এমনটাও শুনতে পায়। অনেক সময় গায়েবি আওয়াজে কথা বলা ব্যক্তিরা রোগীকে নিয়েও কথা বলে এমনটাও তারা শুনতে পায়। এই ধরনের রোগীরা আরো কিছু সমস্যার মুখোমুখি হয় যেমন-তারা সকলকে সন্দেহের চোখে দেখে, তারা ভাবে তাদেরকে নিয়ে কেউ চক্রান্ত করছে, তাকে কেউ মেরে ফেলার ষড়যন্ত্র করছে এমনটাও ভেবে থাকে এই সমস্যায় ভুক্তভুগী রোগীরা। তারা গায়েবি আওয়াজের উত্তরও দেন। অনেকে আবার ইশারায়ও গায়েবি আওয়াজের উত্তর দেন যা আশেপাশের মানুষরা আজব দৃষ্টি থেকে দেখে থাকে। এমন রোগীরা আসলে গায়েবি কথাগুলো শুনতে চায় না তবে এটি তার কোনো কন্ট্রোলে থাকে না। তবে এই সমস্যার চিকিৎসা আছে। সময়মতো চিকিৎসা করালে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। এর জন্য প্রয়োজন একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।
- অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ
- প্রাক্তন বিভগীয় প্রধান
- মনোরোগবিদ্যা বিভাগ,
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।


