সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, হাসপাতালের মধ্যে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব নিয়ন্ত্রণ এবং চিকিৎসাসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে আট দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

১. কোনো অবস্থাতেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন বা পরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না।
২. সরকারি হাসপাতালে বিদ্যমান পরীক্ষা ও ওষুধ বাইরের প্রতিষ্ঠান থেকে করানো বা কিনতে বলা যাবে না।
৩. সরকার অনুমোদিত সিল ছাড়া অন্য কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না (তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে)।
৪. ওষুধ কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা হাসপাতালের টেবিলে রাখা যাবে না।
৫. কোনো কোম্পানির প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ছবি তুলতে পারবেন না।
৬. সপ্তাহে নির্ধারিত দুই দিন—সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
৭. এসময়ের বাইরে হাসপাতালে অবস্থান করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৮. সাক্ষাতের সময় কোম্পানি প্রদত্ত আইডি কার্ড অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা, চিকিৎসাসেবার মান উন্নত করা এবং হাসপাতালগুলোতে সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে পেশাগত শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে চিকিৎসকদের ওপর কোনো ধরনের অযাচিত প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ নির্দেশনার মাধ্যমে সরকারি চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।


