ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ হেমিকা আগারওয়ালের মৃত্যুর প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেছেন, মনোরোগ বিশেষজ্ঞরাও অন্য সবার মতো মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। রোগীদের চিকিৎসা ও সহযোগিতা করার পাশাপাশি তাঁদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি।
ভারতের গাজিয়াবাদের রাজনগর এলাকার অফিসার্স সিটি-২ সোসাইটিতে ৪০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ হেমিকা আগারওয়াল নিজের অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। তিনি ভবনের পঞ্চম তলায় বাস করতেন। নিচে পড়ার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হেমিকার পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি বিষণ্ণতা ও মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তাঁর বাবা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. আর চন্দ্রও মেয়ের মানসিক অবস্থার অবনতির বিষয়টি উল্লেখ করেছেন।
এদিকে ঘটনাটিকে ঘিরে হত্যাসহ অন্য কোনো সম্ভাবনা আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা পরিবারের সদস্যদের বক্তব্য নিচ্ছেন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্যপ্রমাণ পর্যালোচনা করছেন। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
এ ঘটনা প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, প্রতিটি মানুষই মনের অধিকারী। মনই মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে প্রভাবিত করে। একজন মনোরোগ বিশেষজ্ঞেরও মন আছে। তিনিও ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারনে মানসিক চাপ ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারেন।
তাঁর মতে, হেমিকা আগারওয়ালের জীবনে ঘটে যাওয়া ঘটনা তাঁর মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছিল বলে জানায় তার পরিবার। অনেক সময় জীবনের প্রতিকূল পরিস্থিতি মানুষের স্বাভাবিকভাবে পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা দুর্বল করে দিতে পারে। ফলে পেশাগতভাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলেও ব্যক্তিগত জীবনে মানসিক সংকট থেকে কেউ সম্পূর্ণ মুক্ত থাকেন না।
তিনি আরোও বলেন, বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত পর্যালোচনায় মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যেও মানসিক সমস্যার উপস্থিতি এবং আত্মহত্যার ঝুঁকি নিয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি, ‘কুইনাইন জ্বর সারাবে বটে, তবে কুইনাইন সারাবে কে?’ স্মরণ করেন।
একজন চিকিৎসক পেশাগতভাবে রোগীর সমস্যা বুঝতে ও সমাধানের পথ দেখাতে সক্ষম হলেও নিজের ব্যক্তিগত সংকটের সময় একইভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। যা সব রোগ ও চিকিৎসা বিষয়ে বলা যেতে পারে।

