প্রশ্ন: প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছি। প্রচুর টেনশন হয়। ঘুম হয় না, ঘুম হলেও একটু পর পর আতকে উঠে ঘুম ভাঙে। আমি একজন চাকরিজীবী। অফিসেও সারাক্ষণ টেনশন কাজ করে। বাথরুমে গিয়ে অনেক্ষণ কাঁদি একটু নরমাল হলে তারপর আসি, নিজেকে নিয়ন্ত্রণের খুব চেষ্টা করি তবে কিছুতেই হচ্ছে না। আমি ভালো থাকতে চাই, মাঝেমধ্যে জীবন থেকে কুইট করতে ইচ্ছে করে, কিন্তু পরিবারের কথা ভেবে পারি না। একটা মানুষকে কোনোভাবেই ভুলতে পারছি না, যে আমাকে মানসিক রোগী বানিয়েছে। কি করে আমি নরমাল জীবনে ফিরব, আমার সমস্যা কি ডক্টর দেখালে সমাধান হবে?
উত্তর: ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে আমরা মানুষরা খুবই ইমোশনাল। আমাদের ভিতরে ভালোবাসার অনুভূতি তৈরি হতেই পারে, এটা খুব স্বাভাবিক। আপনি মনে করছেন আপনার প্রাক্তন প্রিয়জন আপনাকে কষ্ট দিচ্ছে, কারণ তার কথা ভুলতে না পারাই আপনার মধ্যে এই আবেগীয় অবস্থার সৃষ্টি করছে। আপনার কান্না পাচ্ছে; আপনার কাজকর্মে ব্যাঘাত ঘটছে। একটি কথা মনে রাখুন, দুজনের মাঝে ভালোবাসার উৎপত্তি হলেও প্রত্যেকটি মানুষ তাদের নিজের জীবনটা যাপন করে। আমাদের ভালো থাকার জন্যই আমরা ভালোবাসি। যে ব্যক্তি আপনাকে ভুলে তার জীবনে ভালো আছে, যে আপনাকে মূল্যায়ন করছে না; আপনার সম্পর্কের আবেগকে সম্মান করছেন না; তার কথা মনে করে কেন খারাপ থাকবেন। একটু পজিটিভভাবে ভাবুন। ভালোবাসাহীন জীবনের কথা বলছি না। আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আপনার জন্য মূল্যবান; আপনার পরিবারের জন্য মূল্যবান, এমনকি আপনার কর্মক্ষেত্রের জন্যও মূল্যবান। আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে এই চাপা কষ্ট থেকে বের হয়ে আসতে পারবেন আশা করছি। জীবনটা অনেক সুন্দর, নিজের জন্য বাঁচুন, অন্যের জন্য নয়।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
চেয়ারম্যান,
মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

