সমস্যা: আসসালামু আলাইকুম। আমার বয়স ২৮। আমি অনেক আগে থেকেই ওসিডি ও বিষণ্ণতায় ভুগছিলাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগ থেকে চিকিৎসা নিই। প্রায় ১.৫ বছর Prodep-20 খাওয়ার পর ভালো হয়ে যাই। পরে মেডিসিন বন্ধ করে দিই। কিন্তু মেডিসিন বন্ধ করার প্রায় ২-৩ বছর পর আবার ওসিডি ও মারাত্মকভাবে বিষণ্ণ হয়ে যাই। পরবর্তিতে মনোরোগ বিশেষজ্ঞ ডা. জাকারিয়া সিদ্দিকী স্যারকে দেখাই। উনি আমাকে Prodep 20 সকালে ২টা ও Clofranil 25 ও Sizonil ১ মাসের জন্য দেন। এখন পর্যন্ত ১ বছর ৭ মাস যাবত উক্ত ঔষধ সেবন করে আসছি এখন বিষণ্ণতা প্রায় ৯৫% ভালো হয়ে গেছে কিন্তু ওসিডি সমস্যা এখনো রয়ে গেছে, মানে অহেতুক যন্ত্রণাদায়ক চিন্তা এখনো মাঝে মাঝে হয়। এমতাবস্থায় আমার করণীয় কী? অথবা ঔষধ আর কতদিন যাবত সেবন করব? ঔষধ বন্ধ করলেও কি ওসিডি ও বিষণ্ণতার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে? দয়া করে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
-মো. সামছুল আলম নোয়াখালী।
পরামর্শ: যেহেতু ওসিডি আপনার একটা রোগ। সেহেতু চিকিৎসা, নিয়মাবলী ও রোগ সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। ওসিডির ক্ষেত্রে দেখা যায় অনেকাংশে এক বছরের মধ্যে ভালো হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে লম্বা সময় ধরে চলতে থাকে। কখনো বাড়ে, কখনো একটু কমে। সুতরাং আপনাকে কিন্তু চিকিৎসার মধ্যেই থাকতে হবে আপনি যে হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দিলেন তাতে কিন্তু আপনার সমস্যা বেড়ে গেছে। সুতরাং আপনি যার চিকিৎসা নেন, যেখানেই চিকিৎসা নেন পরবর্তিতে আপনাকে এটা খেয়াল রাখতে হবে-কোনো অবস্থাতেই নিজে নিজে হঠাৎ করে চিকিৎসা বন্ধ করা যাবে না। তাহলে ওসিডির পাশাপাশি আপনার বিষণ্ণতাও বাড়বে। ভালো খবর যে আপনার বিষণ্ণতা অনেকটাই কেটে গেছে। কিন্তু ওসিডি রোগ সম্পর্কে আপনার বিস্তারিত জেনে রাখা ভালো হবে। ওষুধের পাশাপাশি কিছু টেকনিক আছে সেগুলো জেনে কীভাবে ভালো থাকা যায় আপনাকে সেই চেষ্টা করতে হবে। তবে অবশ্যই হঠাৎ করে চিকিৎসা বন্ধ করবেন না। একটু ধৈর্যসহকারে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনার পরিবার আপনাকে সহযোগিতা করতে পারে। তাদেরকেও আপনার সাপোর্টের জন্য চিকিৎসায় ইনভলভ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। সুস্থ থাকুন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

