সমস্যা: আসসালামু আলাইকুম। আমার বোনের বয়স ১২ বছর ওর অ্যাপিলেপ্সি আছে এবং নিউরোলজিস্ট ডাক্তারের ট্রিটমেন্টে আছে। ১১ বছর বয়সে ওর অ্যাপিলেপ্সি ধরা দিয়েছে। ওর সমস্যা হচ্ছে ও কিছুতেই কোনো পড়াশোনা মাথায় নিতে পারে না। কিছুই বুঝতে পারে না, সব সময় পরীক্ষায় শূন্য পায়। এমনকি একটা অতি নরমাল পড়া অনেকবার পড়ানোর পরও সে পারছে না। চেষ্টা সেও করে, কিন্তু কিছুতেই পারে না, তবে লিখতে পড়তে পারে। এমন নয় যে ও অনেক দুষ্ট বা চঞ্চল।ও বেশ স্বাভাবিক। ইদানীং বেশ বোকা বোকা আচরণ প্রকাশ পাচ্ছে, ক্লাসে সহপাঠীদের থেকেও বুলিংয়ের শিকার হচ্ছে। বুলিংয়ের কারণে সে বেশ আপসেট হয়ে পড়ে। একদিন স্কুলে অসুস্থ হয়েও পড়েছিল। দিনদিন যেন বাচ্চা হয়ে যাচ্ছে। কী কারণে এমন হতে পারে? এবং এই অবস্থায় আমাদের কী করা উচিত?
-আনিকা তাহসিন।
পরামর্শ: আপনার বোনের ১১ বছর বয়স থেকে হঠাৎ করে কী যেন শুরু হয়েছে। এটা একেবারেই যে, স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম থেকেই শুরু হতে পারে সেরকমটা হয়নি। তার মানে কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে ১১ বছর বয়সে। আপনার যাকে দেখিয়েছেন তিনি নিশ্চয়ই কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং সেমতেই ঔষধ দিয়েছেন। যদি কোনো কারণে মনে হয় যে, কারণটা বের করা যায়নি; অনেক সময় এরকম হয় যে কারণটা বের করা কঠিন। তবে কারণ খোঁজার জন্য ডাক্তারকে আপনার হেল্প করতে পারেন বা বলতে পারেন পেছনের কারণ দেখার জন্য আর এখন যে সমস্যা হচ্ছে রোগী কিছু মনে রাখতে পারছে না, পরীক্ষায় খারাপ করছে এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবতে হবে যে, কী ঔষধ তাকে দেওয়া হয়েছে, ডোজ কেমন দেওয়া হয়েছে, পাশাপাশি তার অন্য কোনো রোগ আছে কিনা; এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ বর্তমান চিকিৎসার ঔষধ, ডোজ এবং সাথে অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখতে হবে। আমার মনে হয় একজন নিউরোলজিস্টের সাথে আলাপ করতে পারেন। পাশাপাশি অ্যাপিলেপ্সি না হয়ে যদি এই ধরনের অন্য কোনো রোগ হয়ে থাকে; এই যেমন কনভার্সন ডিজঅর্ডার নামে একটা রোগ আছে। এধরনের কিছু যদি থাকে তাহলে ঔষধ দিতে হবে। তার আগে আসলে দেখতে হবে কেন সে মনে রাখতে পারছে না, শুধু অ্যাপিলেন্সির কারণে নাকি অন্য কোনো রোগের কারণে। সুযোেগ থাকলে একজন সাইকিয়াট্রিস্টসের সাথেও যোগাযোগ রাখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ম, ঢাকা।

