রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন। তিনি জানান সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত জরুরি।

১৩ নভেম্বর, (শুক্রবার ) ২০২৬ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরামর্শ দিয়ে বলেন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে অভ্যস্ত হতে হবে। রোগের লক্ষণ দেখা দেওয়ার পর থেকেই যথাসময়ে চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের সঙ্গে রোগের বিষয়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার বক্তব্যে আরোও বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিলেই হবে না, রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হতে হবে। এজন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।
চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সঙ্গে রোগীদের যথাযথ যোগাযোগ থাকা প্রয়োজন। নিজের শারীরিক সমস্যা ও রোগের লক্ষণ সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানালে সঠিক চিকিৎসা গ্রহণ সহজ হয়। এ ক্ষেত্রে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি এলাকার নাগরিক সুবিধা বাড়াতে উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ধানমন্ডি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ধানমন্ডি লেক সংস্কার ও এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণের বিষয়েও কথা বলেন। ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


