জীবনে সুখী হতে কে না চায়? জীবনের সুখ পাখিটাকে ধরার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু আমরা কি জানি মাদকাসক্তি বা নেশা জীবনে সুখী হবার পথে একটা বিরাট অন্তরায়। মাদকাসক্তি হলো এমন বস্তু যা একজন ব্যক্তি তার খারাপ প্রভাব জেনেও বারবার নেয় এবং যা বাদ দিলে তার বিভিন্ন শারীরিক ও মানসিক লক্ষণ দেখা দেয়। মাদক বা ড্রাগ ছাড়াও অন্য কিছুতেও কিন্তু নেশা বা আসক্তি হতে পারে যেমন- জুয়াখেলা, গেম, ইন্টারনেট আসক্তি ইত্যাদি।
আরও পড়ুন…
কেন হয় নেশা
নেশা দ্রব্যের সহজলভ্যতা, ব্যক্তিত্বের দুর্বলতা, সামাজিক পরিবেশের প্রভাব, নেশা দ্রব্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্যের কারণে মানুষ সাধারণত নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষের নেশাগ্রস্ত হওয়াকে কয়েকটি ধাপে ভাগ করা যায়।
প্রাথমিক ধাপ
এ ধাপে মানুষ সাময়িক আনন্দ লাভের আশায় বা বেশি ভালো লাগার প্রত্যাশায় মাঝে মধ্যে নেশা গ্রহণ করে।
দ্বিতীয় ধাপ
এ ধাপে নেশা নেওয়াটা অভ্যাসে পরিণত হয় এবং বেশি আনন্দের আশায় আরো বেশি নিতে থাকে। প্রথমে সে পরিবার থেকে টাকা নেয়, পরবর্তিতে টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। যেমন- চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং ইত্যাদি।
তৃতীয় ধাপ
সে ভীষণভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাদক নিতে হয়। এই সময়ে সে সামজিক নিয়ম কানুনের তোয়াক্কা করে না, সামাজিক বিধি নিষেধ মানে না।
শেষ ধাপ
এই ধাপে সে আরো বেপরোয়া হয়ে ওঠে এবং পরোপুরি মাদক নির্ভর হয়ে পড়ে। ভালো মন্দ বিচার ক্ষমতা থাকে না। সে চরম হতাশা, অবসাদে ভুগতে থাকে এবং ধীরে ধীরে তার বাঁচার ইচ্ছাও শেষ হয়ে যায়।

নেশার কারণে মানুষের কি ক্ষতি হয়
উত্তরে পাল্টা প্রশ্ন করা যায়- নেশার ক্ষতিকর প্রভাব মানুষের জীবনের কোথায় পড়ে না? নেশার ক্ষতিকর প্রভাবকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি-
শারীরিক ক্ষতি: নেশার কারণে মানুষের মস্তিষ্ক, স্নায়ু, ফুসফুস, লিভার, কিডনি, চোখ ইত্যাদি প্রায় সকল গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।
মনের ক্ষতি: নেশার কারণে মেজাজ খিটখিটে হওয়া, বিষণ্ণতা, দুশ্চিন্তাগ্রস্ততাসহ যেকোনো মানসিক সমস্যা হতে পারে।
পারিবারিক ক্ষতি: নেশার কারণে পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে যায় এবং স্বাভাবিক পারিবারিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কর্মজীবনে ক্ষতি: নেশার কারণে মানুষের কর্মস্পৃহা, কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, সহকর্মীদের সাথে সম্পর্কের অবনতি ঘটে।
আর্থিক ক্ষতি: নেশা ক্রয়, আসবাবপত্র ভাঙচুরের ক্ষতি ছাড়াও উৎপাদনশীলতা হ্রাস পেয়ে একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে চরম আর্থিক দৈন্য-দশায় পতিত হয়।
দাম্পত্য জীবনে ক্ষতি: যৌন ক্ষমতা হ্রাসের পাশাপাশি নেশার কারণে প্রতিনিয়ত দাম্পত্য কলহ একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।
পরবর্তী প্রজন্মের ক্ষতি: নেশার ক্ষতিকর প্রভাব সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন পড়ে তেমনি নেশাগ্রস্ত অবস্থার প্রাত্যহিক প্রভাব সন্তানদের উপর পড়তে বাধ্য।
তাই বলা যায় মানুষের জীবনের সুখী হওয়ার যে সকল বিষয় রয়েছে নেশা তার প্রায় সবগুলোকেই আঘাত করে। ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে যায় নেশার ছোবলে। যে সুখের আশায় প্রথমে সে নেশা গ্রহণ শুরু করে, নেশার প্রভাবে জীবনে সুখী হওয়া তো দূরে থাক, তার শারীরিক, মানসিক ক্ষতির পাশাপাশি তার সামগ্রিক জীবনই ধ্বংস হয়ে যায়। তাই নেশা/মাদকের ব্যাপারে যথার্থই বলা হয়ে থাকে Just one pill can kill. সুতরাং জীবনে সুখী হতে চাইলে নেশা থেকে দূরে থাকতে হবে।
- ডা. মুহাম্মদ কবির হাসান পারভেজ
- মনোরোগ বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।


