সমস্যা:
আমার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। বয়স ৪৬ বছর। সে তার গুরুত্বপূর্ণ জিনিস যেমন- ইলেকট্রনিক ডিভাইস, অফিসের কাগজ ইত্যাদি বিভিন্ন জায়গায় ফেলে আসে। প্রয়োজনীয় অনেক কিছুই মনে রাখতে পারে না। ফলে তার কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে বেশ সমস্যা হচ্ছে। সমাধান জানালে খুশি হব।
নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: প্রিয় প্রশ্নকর্তা, আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন, ৪৬ বছর বয়সে আপনার স্বামীর এ ধরনের ভুল হওয়ার কথা নয়। মূলত এ ধরনের সমস্যা তখনি হয় যখন কোনো মানুষ যদি অত্যধিক মানসিক চাপের মধ্যে থাকেন। কর্মক্ষেত্রেও কাজের অত্যধিক চাপ অথবা Conflicting Situation এর মধ্যে থাকেন অথবা এমন কোনো গুরুতর অন্তর্দ্বন্দ্বের স্বীকার হন অথবা এমন কিছু যদি থাকে যা অন্যদের সাথে এমনকি আপনার সাথেও সহজভাবে অনুভূতির আদান-প্রদান সঠিকভাবে করতে না পারেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ার সম্ভবনা থাকে।
এ সমাধানটা খুব সহজভাবে প্রকাশ করা হল কিন্তু সমস্যাগুলো যদি খুবই জটিল আকারে রূপ নিয়ে থাকে তাহলে সাইকোথেরাপির প্রয়োজন হবে। যার মাধ্যমে জানা হয়ত সম্ভব হবে কোনো সমস্যার মধ্য দিয়ে তিনি চলছেন কিনা। সাইকোথেরাপির পরেও যদি তেমন কোনো উপকার না হয়, তাহলে হয়ত ভুলে যাওয়ার কারণ নির্ণয়ের জন্য কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজন হতে পারে। আপনার স্বামীকে কোনো ভালো চিকিৎসাকেন্দ্রে যেমন- (ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট) মনোরোগ বিভাগে পরামর্শ নেওয়ার সুপারিশ করা হলো। আশা করি সমস্যার সমাধান হবে।
আপনাদের জন্য শুভ কামনা রইল।
পরামর্শ দিয়েছেন,
প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম


