প্রশ্ন: ম্যাম, আসসালামু আলাইকুম। আমি একজন ছেলে। কিন্তু আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে। নিজেকে কন্ট্রোল করতে পারি না। বেশিরভাগ সময়েই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে। মেয়েদের পোশাক পরতে ভালো লাগে। এমনকি ইদানীং ছেলেদের বিশেষ অঙ্গের প্রতিও একটা আকর্ষণ কাজ করছে। আবার মেয়েদের প্রতিও আকর্ষণ আছে। কী করব এখন? জানালে অনেক উপকৃত হবো।
অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার সমস্যাটি আমি বুঝতে পারছি যেটি আসলেই খুবই বিরক্তিকর। তবে আপনার সমস্যাটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেলে ভালো হতো। বিস্তারিত ইতিহাসটা জানা খুব বেশি জরুরি ছিল। যাইহোক, অনেক সময় দেখা যায় বয়ঃসন্ধিকালে বিভিন্ন হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে বিভিন্ন ধরনের আকর্ষণ অথবা বিভিন্ন ধরনের সমস্যার উৎপত্তি হতে পারে। তবে বয়ঃসন্ধিকালটা সুন্দরভাবে পার করতে পারলে সে সমস্যাটা আস্তে আস্তে চলেও যায়। যেহেতু আপনার বয়সটা আমরা জানতে পারিনি সেহেতু এ বিষয়ে আরও অনেক তথ্য জানার প্রয়োজন ছিল। কবে থেকে এবং কীভাবে ছেলেদের প্রতি আকর্ষণ তৈরি হলো যেসব বিষতে ইতিহাস জানাটা খুব প্রয়োজন ছিল। অনেকসময় দেখা যায় মেয়ে বন্ধুদের সাথে ভালো লাগা কাজ করে, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করে সে থেকেও কিন্তু ছেলেদের প্রতি আকর্ষণ কাজ করতে পারে।
অসচেতনতার কারণে, সঠিক তথ্য না জানার কারণে, মানসিক সমস্যা না জানার জন্যে অথবা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের প্রভাবের জন্যে, ইন্টারনেটে আসক্তির জন্যে, বাজে বন্ধু-বান্ধবদের সাথে মেশার কারণে, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এ ধরনের সমস্যার তৈরি হতে পারে। তাই আমার পরামর্শ থাকবে দ্রুত আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তাঁর সাথে আপনি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অবশ্যই বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা গ্রহণ করেন।
হয়ত আপনাকে প্রয়োজনে সাইকোথেরাপি দিতে পারে, বিভিন্ন ওষুধ দিতে পারে অথবা আপনি মেন্টাল সাপোর্টও পেতে পারেন। তাই আপনি দ্রুত এ চিকিৎসার আওতায় আসেন। তাহলে আপনার এ সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি লাভ করতে পারেন।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

