রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং মানসিক রোগীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহুরুল হক, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেসুর রহমান সরকার।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানভীর রহমান শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ রায় ও মেডিক্যাল অফিসার ডা. দেবদুলাল রায়।

আলোচনায় মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব, মানসিক রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরি এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বর্ণাঢ্য র্যালি, আলোচনা এবং মানসিক রোগীদের পাশে দাঁড়ানো ও তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আয়োজন শেষ হয়।

