প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি। ১০-১৫ মিনিট পর আবার স্বাভাবিক হয়ে যাই। হৃদরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি, তিনি বলেছেন হার্টে কোনো সমস্যা নেই। তারপরও ভয় কাটছে না। এখন আমার কী করা উচিত? এর সাথে কি কোনো মানসিক রোগের সমস্যা আছে?
-সুমাইয়া আক্তার, ঢাকা।
পরামর্শ: ধন্যবাদ সুমাইয়া আক্তার আমার কাছে আপনার সমস্যার সমাধান চাওয়ার জন্য। আপনার বয়স ও সমস্যার বর্ণনা অনুযায়ী আপনি Panic Disorder নামক মানসিক অসুখে ভুগছেন। ভয়কে জয় করতে পারলে ভালো ফলাফল পাওয়া যায়। যখন অসুখের লক্ষণ দেখা দেয়, তখন ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস নেয়া, মনে মনে কুরআন শরীফের কোনো সূরা পড়া, হাতের কাছে কাগজ-কলম থাকলে কিছু লেখালেখি করা, মোবাইলে ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা বলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে চিন্তাগুলোকে প্রশমিত করা। পাশাপাশি Tab-Escetalopram 5 mg একটা করে সকালে এবং Tab-Clonazepam 5 mg যখন সমস্যা হবে, তখন একটা করে খাবেন। সম্ভব হলে নিকটবর্তী কোনো হাসপাতালের মনোরোগ বিভাগে বা কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
- প্রাক্তন বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ
- কুমিল্লা মেডিক্যাল কলেজ।


