প্রশ্ন: আমার নাম সোহাগ। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার ৩ বছর আগে প্যানিক অ্যাটাক হয়েছিল। এরপর বেশ কয়েকবার হয়। চিকিৎসা নিয়েছি, থেরাপিও নিয়েছি। এখন অতটা ভয় পাই না বা প্যানিক হয় না। আমার হরমোন স্বাভাবিক। কিন্তু ইদানীং অদ্ভুত এক সমস্যায় পড়েছি, কথা বলার সময় ভুল করি। একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। আমি শুদ্ধ ভাষায় কথা বলি। কিন্তু এখন কেন যেন কথায় আঞ্চলিকতা চলে আসে, যা আমাকে খুব বিব্রত করে। কোনো কিছু পড়তে শুরু করলে ঠিকভাবে না পড়ে পরিচিত শব্দ ধরে নিই যা পরে ভুল হিসেবে ধরা পড়ে। কেমন যেনো মনোযোগ দিতে পারি না। উদাসীন থাকি খুব, মনোযোগ দিলে ভুল হয় না। আমার মনে হয়, মেমোরি ঠিক আছে। কিন্তু এমন কেন হচ্ছে? সবসময় মাথার তালুতে ও পেছনে ব্যথা করে। ভালো ঘুম হয় না, শুধু দুঃস্বপ্ন দেখি। ঘুম থেকে উঠলে তীব্র মাথাব্যথা করে। মনে হয় ঘুমই হয়নি। এটা আমার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। প্রয়োজনীয় পরামর্শ দিলে উপকৃত হবো।
পরামর্শ: প্রিয় সোহাগ, তোমার সমস্যার ব্যাপারে প্রদেয় তথ্য-উপাত্ত থেকে মনে হচ্ছে যদিও তোমার এখন প্যানিক অ্যাটাক হচ্ছে না, কিন্তু তুমি এখনো মৃদু আকারের দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভুগছ। যার ফলে তুমি মনঃসংযোগ হারিয়ে ফেলছ। আপাতত সমাধান হিসেবে তুমি নিম্নবর্ণিত ঔষধগুলো খাওয়া শুরু করতে পারো:
১. ন্যাক্সিটাল (Nexcital) ৫ মিলি প্রতিদিশ সকালে ১টা করে (৩ মাস)
২. ল্যাক্সোটানিল (Laxotanil) ৩ মিলি প্রতিদিশ রাতে ১টা করে (৩ সপ্তাহ)
এর সাথে মনঃসংযোগ বাড়ানো বা চাপ কমানোর ব্যায়াম করতে পারো। যেমন: শ্বাসের ব্যায়াম/মেডিটেশন। সবচেয়ে ভালো হয়, তোমার সুবিধামতো কোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে অথবা বিএমইউ-এর মনোরোগবিদ্যা বহির্বিভাগে যোগাযোগ করে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করলে।
পরামর্শ দিয়েছেন
- ডা. জ্যোতির্ময় রায়
- অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ,
- রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর।


