প্রশ্ন: আমি বাবার বড়ো মেয়ে। বাবা মারা গেছেন ২০১১ সালে। বাসার সব চাপ আমার ওপর। টুকটাক ছাত্র পড়িয়ে পড়াশুনা করছি। ছোটোবেলা থেকে নানা মানসিক চাপে থাকতে হয়। আজ কয়েক বছর যাবৎ প্রায়ই মাথা ব্যথা হচ্ছে। কিন্তু কিছু দিন প্রায় দুই মাস যাবৎ সারাক্ষণই মাথা ব্যথা থাকে। বমি বমি ভাব হয়। সাধারণ বিষয় নিয়ে একদম নার্ভাস হয়ে যাই। কোনো কনফিডেন্স কাজ করে না। কারো সাথে কথা বলতে ইচ্ছা হয় না। গাড়ি বা কিছুর জোরে শব্দ শুনলে আরো খারাপ লাগে। ঘুম আসে কিন্তু ঘুম হয় না। মাঝে মাঝে অনেক মাথা ঘোরায়। মাথার ওপরের পাশে চাপ লাগলে ব্যথা বাড়ে। এখন আমার কী করা উচিত।
-রুবিনা হক, সুনামগঞ্জ।
অধ্যাপক ডা. সুস্মিতা রায়: প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার রোগের ইতিহাস অনুযায়ী আপনি দীর্ঘদিন যাবৎ মানসিক চাপের মধ্যে আছেন এবং দীর্ঘকালীন মানসিক চাপের ফলে বর্তমানে আপনি বিষণ্ণতা রোগে (Depressive Disorder) ভুগছেন। আত্মবিশ্বাস কমে যাওয়া, কারো সাথে কথা বলতে ইচ্ছা না হওয়া, শব্দ শুনলে খারাপ লাগা ইত্যাদি সবই কিন্তু বিষণ্ণতা রোগের উপসর্গ। আবার বিষণ্ণতা রোগে কিছু শারীরিক উপসর্গও দেখা যায় যেমন ঘুমের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা ইত্যাদি। এ অবস্থায় আপাতত আপনি Tab Mitrazin (15mg) প্রতিদিন রাতে একটা করে খাওয়া শুরু করতে পারেন। তবে আপনার প্রতি পরামর্শ যে, আপনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান। উনি আপনার বিস্তারিত ইতিহাস, বর্তমান
মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও উপযোগী চিকিৎসার পরামর্শ দেবেন। কতদিন ওষুধ খেতে হবে কিংবা অন্য কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা তা তিনিই বলে দিবেন। এ ধরনের রোগ চিকিৎসায় সাধারণত বিষণ্ণতা রোগের ওষুধের পাশাপাশি সাইকোথেরাপি এবং রিলাক্সেশন ট্রেনিংয়ের প্রয়োজন আছে, যা আপনাকে মানসিক রোগ বিশেষজ্ঞই শিখিয়ে দেবেন। বিষণ্ণতা একটি নিরাময়যোগ্য রোগ। আশা করি, প্রয়োজনীয় চিকিৎসা নিলে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন।
- পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সুস্মিতা রায়
- বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট।

