বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ। আগামী ১০ অক্টোবরের এ আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এ নিয়ে সমাজে ইতিবাচক ধারণা তৈরির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এসব কার্যক্রমে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবী মানসিকতার অধিকারী আগ্রহী ব্যক্তিদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য থাকছে ১ ঘণ্টা ভলান্টিয়ার ওয়ার্কশপ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের জন্য আরও থাকছে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ। দিনব্যাপী এ আয়োজনে স্বেচ্ছাসেবকদের জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রোগ্রামের পাশাপাশি থাকছে দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা।
এই বিশেষ অনুষ্ঠানে সকাল ৯ টায় শুরু হবে র্যালি । র্যালি শেষে সকাল ১১ টায় শুরু হবে আলোচনা অনুষ্ঠান।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, এ বিষয়ে মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রে জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এবারের বিশেষ আয়োজনকে আরও কার্যকর করতে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা হচ্ছে।
বিশ্বব্যাপী প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তুলে ধরাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহীদের ডা. আবু রায়হান রাজিনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তারিখ: ১০ অক্টোবর ২০২৬
আয়োজক: মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে যোগাযোগ:
ডা. আবু রায়হান রাজিন
ফোন: ০১৭৭০৪৫৯৯৯৫

